ফুটবল নাকি সকার? যুক্তরাষ্ট্র ও কানাডায় কেন এই ভিন্ন নাম

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কাছে যে খেলাটি ফুটবল, ২০২৬ বিশ্বকাপের দুই সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায় সেটির নাম কেন ‘সকার’ (Soccer)? এই শব্দটির উৎপত্তি কোথায়, আর এটি কেন কোনো কোনো দেশের ফুটবলপ্রেমীদের বিরক্তির কারণ? 

অনেকেই মনে করেন ‘সকার’ একটি আমেরিকান শব্দ। তবে মিশিগান ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক স্টেফান সিমানস্কির গবেষণা বলছে ভিন্ন কথা। তিনি জানান, ১৯৭০-এর দশকে ইংল্যান্ডে এই শব্দটির বেশ চল ছিল এবং তা নিয়ে কারও কোনো আপত্তি ছিল না।  

যেভাবে জন্ম হলো ‘সকার’ শব্দের

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৮৬৩ সালে ইংল্যান্ডে যখন ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়, তখন এর উদ্যোক্তারা ছিলেন মূলত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ও ব্রিটিশ অভিজাত শ্রেণীর ছাত্র। তখনকার আরেক জনপ্রিয় খেলা ‘রাগবি’ থেকে আলাদা করতে এই খেলাটিকে অফিশিয়ালি ‘অ্যাসোসিয়েশন ফুটবল’ নাম দেওয়া হয়।

১৮৮০-এর দশকে অক্সফোর্ডের ছাত্রদের মধ্যে যেকোনো বড় শব্দকে ছোট করে শেষে ‘আর’ (er) যোগ করার একটি ফ্যাশন বা স্ল্যাং চালু ছিল। যেমন: তারা ব্রেকফাস্ট (Breakfast) কে বলতেন ব্রেকার (Brekker)। আবার রাগবি (Rugby) কে ডাকতেন ‘রাগার’ (Rugger)।

ঠিক এই নিয়মেই অ্যাসোসিয়েশন (Association) শব্দের মাঝখানের ‘soc’ অংশটুকুর সাথে ‘er’ যুক্ত করে তারা খেলাটির নাম দেন ‘সকার’ (Soccer)। অর্থাৎ, শব্দটির জন্ম খাঁটি ইংল্যান্ডেই।

যুক্তরাষ্ট্রে যেভাবে স্থায়ী হলো এই নাম 

খেলাটি যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, তখন সকার শব্দটিও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় পরিচিতি পায়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে আগে থেকেই আমেরিকান ফুটবল (যা মূলত রাগবি ধাঁচের খেলা) অত্যন্ত জনপ্রিয় ছিল। ফলে নতুন এই খেলার সাথে নিজেদের ফুটবলের বিভ্রান্তি এড়াতে মার্কিন ও কানাডীয়রা ‘অ্যাসোসিয়েশন ফুটবল’ শব্দটিকে বাদ দিয়ে অক্সফোর্ডের দেওয়া ‘সকার’ নামটিকেই স্থায়ীভাবে গ্রহণ করে।

ব্রিটিশরা কেন এখন এই শব্দ পছন্দ করে না?

অধ্যাপক সিমানস্কির বিশ্লেষণ অনুযায়ী, ১৯৮০-এর দশক পর্যন্তও ব্রিটিশ গণমাধ্যমে ‘সকার’ শব্দটি ব্যবহৃত হতো। তবে কালক্রমে যুক্তরাজ্যে ফুটবল শব্দটি একচ্ছত্র আধিপত্য পায় এবং ‘সকার’ শব্দটিকে তারা মার্কিন সংস্কৃতির আগ্রাসন হিসেবে দেখতে শুরু করে। বর্তমানে কোনো ব্রিটিশদের সামনে ‘সকার’ বললে অনেকেই বেশ বিরক্ত হন।

তবে অধ্যাপক সিমানস্কি তাদের এই ভুল ধারণা ভেঙে দিয়ে বলেন, “অনেক আমেরিকানই ‘সকার’ বলার পর ব্রিটিশদের কাছে ক্ষমা চান। আমি তাদের বলি - ক্ষমা চাওয়ার কিছু নেই, এটি একটি নিখাদ ইংরেজি শব্দ। তাই নিঃসঙ্কোচে ব্যবহার করুন।”