ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে ইসলামের প্রতি গভীর শ্রদ্ধার কথা জানিয়েছেন সাবেক এই তারকা ফুটবলার।
সৌদি আরবের সংবাদমাধ্যম ‘ওকাজ’কে দেওয়া সাক্ষাৎকারে রবার্তো কার্লোস বলেন, ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। তার স্ত্রীকে ইসলামি রীতি অনুসরণ করে প্রার্থনা করতে দেখতেও ভালো লাগে বলে জানান তিনি। তবে নিজের ইসলাম গ্রহণের খবরটি সত্য নয় বলে স্পষ্ট করেছেন কার্লোস।
সম্প্রতি তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি পোস্টকে কেন্দ্র করে কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই পোস্টে শাহিন দাবি করেন, ব্রাজিলের সাও পাওলোতে বসবাসরত শেখ জিহাদ হাম্মাদেহর সঙ্গে সাক্ষাৎকালে তিনি জানতে পেরেছেন, কার্লোস চার সপ্তাহ আগে শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন।
এদিকে রবার্তো কার্লোসের ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে। মরক্কান নাগরিক ও ফিফার লাইসেন্সধারী ফুটবল এজেন্ট সুহাইলা এল তাহিরিকে বিয়ে করেছেন তিনি। কার্লোস জানান, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা দুই পরিবারের ধর্মীয় বিশ্বাসকে বিবেচনায় নিয়ে ভিন্ন ভিন্ন আয়োজনে সম্পন্ন করা হয়েছে।
কার্লোস বলেন, তার পরিবারের সদস্যরা ক্যাথলিক হওয়ায় তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। একই সঙ্গে স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের জন্য উপযোগী আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কার্লোস ও তাহিরির বিয়ের কিছু ছবি গত ১৭ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তাদের বিয়ের বিষয়টি নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতেই তাদের সম্পর্ক ও বিয়ের খবর প্রকাশ্যে আসে। পরে ২৫ জুলাই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফুটবলারদের ক্যারিয়ার ব্যবস্থাপনা ও ব্রাজিল-ইউরোপের মধ্যে বিভিন্ন ব্যবসায়িক প্রকল্পে একসঙ্গে কাজ করতে গিয়ে কার্লোস ও তাহিরির পরিচয় হয়। পরবর্তী সময়ে সেই পেশাগত সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়।
ফলে ইসলাম গ্রহণের গুঞ্জন ছড়ালেও কার্লোসের নিজের বক্তব্য অনুযায়ী, তিনি ধর্মান্তরিত হননি। তবে স্ত্রী তাহিরির ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান রেখেই তাদের বিয়ের আয়োজন করা হয়েছে।



