প্রথম টি-টোয়েন্টিতে হারলো বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হারলো বাংলাদেশ। এলোমেলো ব‍্যাটিংয়ের কারণে ১৩১ রানের পুঁজি নিয়ে খুব একটা লড়াই করতে পারলো না বাংলাদেশ। 

ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে পেস দিয়ে ঘায়েল করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে এবার তারা নিজেরাই ঘায়েল হয়েছে। তবে অস্ট্রেলিয়ার পেসে নয়, বরং স্পিন দিয়েই বাংলাদেশকে কাবু করে দিয়েছে সফরকারীরা।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টাইগারদেরকে ৪ উইকেট হারিয়েছে অজিরা। আগে ব্যাট করে ১৩১ রানের বেশি নিতে পারেনি বাংলাদেশ। জবাবে ১০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় মিচেল মার্শের দল। 

এর আগে, স্পিনে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ছিল ৭ উইকেট, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২০ সালে ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে। 

নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের পায়ের পেশির চোটে এদিন দলকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক তাওহিদ হৃদয়। টস জিতে তিনি ব্যাটিং নিলে বাংলাদেশের শুরুটা ছিল আশা জাগানিয়া। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পর খেই হারিয়ে পুরো ২০ ওভারও খেলতে পারেনি তারা। 

৫ ওভারের মধ্যে তানজিদ হাসান (১০) ও সাইফ হাসান (২০) ফিরে গেলেও পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৫১ রান করে ফেলে টাইগাররা। সপ্তম ওভারের শেষ বলে ড্রেসিং রুমের পথ ধরেন ভারপ্রাপ্ত অধিনায়ক হৃদয় (৮)। সেখান থেকেই শুরু হয় বাংলাদেশের পতন।