যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে গুলির ঘটনায় এক ব্যক্তি নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের বহন করা একজন উবার চালকও রয়েছেন।

শুক্রবার (১৯ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজ এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ২২ বছর বয়সি এক ব্যক্তি এখনও পলাতক। তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে শহরে মোট পাঁচটি গুলির ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি গুলি করা হয় হয় ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কে। ঘটনাস্থলগুলো আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ অনুষ্ঠিত হওয়া অ্যারোহেড স্টেডিয়াম থেকে অন্তত ৪ মাইল দূরে অবস্থিত।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনকে দুই আর্জেন্টিনা সমর্থক জানান, তারা উবারে করে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাদের পাশে এসে দুটি গুলি ছোড়ে। এতে উবার চালকের পায়ে গুলি লাগে। প্রথমে তারা ভেবেছিলেন গাড়ির টায়ার ফেটে গেছে, পরে চালককে আহত অবস্থায় দেখে বিষয়টি বুঝতে পারেন।

ঘটনার পর তাদের পুলিশ স্টেশনে নিয়ে জবানবন্দি নেওয়া হয়। পরে পুলিশ সদস্যরা টহল গাড়িতে করে তাদের স্টেডিয়ামে পৌঁছে দেন। পুলিশ জানিয়েছে, উবার চালকের আঘাত গুরুতর নয়।

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় তিনজন ব্যক্তি ও এক কিশোর আহত হন। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রুম্যান রোডে একটি গাড়ি খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার শরীরে গুলির আঘাত শনাক্ত করেন। পরে তিনি মারা যান।

পুলিশ কর্মকর্তা জ্যাকব বেকিনা জানান, ভুক্তভোগীরা বলেছেন যে তারা সড়ক বা মহাসড়কে গাড়ি চালানোর সময় তাদের গাড়ির দিকে গুলি ছোড়া হয়েছিল।

তদন্তকারীদের ধারণা, গুলি করেছেন একজন সন্দেহভাজন ব্যক্তি।

পরে পুলিশ সন্দেহভাজনের বাড়ি শহরতলি ইনডিপেনডেন্স এলাকায় শনাক্ত করে অভিযান চালায়। তবে বুধবার সকাল ৮টার দিকে বাড়িতে প্রবেশ করলে তাকে সেখানে পাওয়া যায়নি।

এদিকে, কানসাস সিটি পুলিশ ১১ জুনে অবৈধ অস্ত্র ব্যবহার করার ঘটনায় ওই সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি  পরোয়ানা জারি করেছে।