২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে আলোচনায় এসেছে ব্রাজিলের রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামের হাঙর রিতিনিয়া। বিশেষ এক আয়োজনে ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচের সম্ভাব্য ফল অনুমান করতে গিয়ে এই হাঙর ব্রাজিলের প্রতীক বেছে নিয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামে আয়োজিত অনুষ্ঠানে হাঙর রিতিনিয়ার সামনে ব্রাজিল ও হাইতির প্রতীকসংবলিত দুটি বিকল্প রাখা হয়। পরে সেটি ব্রাজিলের প্রতীক নির্বাচন করে।
এর আগে বিশ্বকাপ শুরুর আগেও রিতিনিয়া আলোচনায় এসেছিল। ব্রাজিলের প্রথম ম্যাচে সেলেসাওদের জয়ের পূর্বাভাস দিয়েছিল এই হাঙর। তবে সেই অনুমান সঠিক হয়নি।
বিশ্বকাপে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ ছিল মরক্কো। এবার দলটির সামনে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হাইতি, যারা নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে।
ফুটবল ম্যাচের ফল অনুমানে প্রাণীর ব্যবহার নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একাধিক ম্যাচের সঠিক ফল অনুমান করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার রিও অ্যাকুয়ারিয়ামে হাঙর রিতিনিয়াকে নিয়ে এই আয়োজন করা হয়েছে।
তবে রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে, তার উত্তর পাওয়া যাবে ব্রাজিল ও হাইতির মাঠের লড়াইয়ে।