বাংলাদেশ ও আর্জেন্টিনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে বাংলাদেশের নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৮ জুন) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসারের সৌজন্য সাক্ষাৎকালে এ প্রস্তাব উত্থাপন করা হয়। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সাংস্কৃতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশ সরকার পারস্পরিক সমতা ও মর্যাদার ভিত্তিতে আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ক আরও বহুমুখী করতে আগ্রহী। তিনি জানান, দুই দেশের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক সাংস্কৃতিক চুক্তি নেই। বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো ‘সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি’র খসড়া দ্রুত চূড়ান্ত করার প্রয়োজন রয়েছে।
বৈঠকে বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্ককে আরও দৃঢ় করার অংশ হিসেবে বুয়েনস আয়ার্সে বাংলাদেশের নামে একটি সড়ক নামকরণের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের জলবায়ু ও আবহাওয়ার সামঞ্জস্য বিবেচনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু দেশীয় উদ্ভিদ আর্জেন্টিনায় রোপণ ও স্থানান্তরের পরিবেশবান্ধব প্রস্তাবও তুলে ধরা হয়।
এ সময় আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের উদ্যোগের কথা জানান। তিনি বলেন, চলমান ফিফা বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা থেকে চারজন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার ও ব্লগারকে বাংলাদেশে পাঠানো হচ্ছে।
তিনি জানান, এসব কনটেন্ট নির্মাতা বাংলাদেশে অবস্থান করে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশি সমর্থকদের ভালোবাসা, উন্মাদনা ও ফুটবল সংস্কৃতি নিয়ে বিশেষ ভ্লগ তৈরি করবেন। পরে এসব ভিডিও আর্জেন্টিনায় প্রচার করা হবে, যা দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও শক্তিশালী করবে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ফুটবলকে ঘিরে বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের মধ্যে তৈরি হওয়া আবেগপূর্ণ সম্পর্ককে এখন সাংস্কৃতিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।