ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে এক নম্বরে মেসি

বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলো শেষে প্রকাশিত ফিফার অফিসিয়াল পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলের জয় এনে দেওয়ার পর এই স্বীকৃতি পেয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

ফিফার তথ্যভিত্তিক পারফরম্যান্স সূচকে খেলোয়াড়দের অবদান আক্রমণ, সৃজনশীলতা ও রক্ষণ এই তিনটি বিভাগে মূল্যায়ন করা হয়। আক্রমণভাগে ১০ এর মধ্যে ৮.১৩ রেটিং পেয়ে সবার উপরে রয়েছেন মেসি।

এই তালিকায় নিউজিল্যান্ডের ফরোয়ার্ড ইলাইজাহ জাস্ট ৭.৭৪ রেটিং নিয়ে দ্বিতীয় এবং আইভরি কোস্টের আমাদ দিয়ালো ৭.৪৭ রেটিং নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১তম হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। একই সঙ্গে এটি বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক।

এই তিন গোলের সুবাদে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। ফলে মিরোস্লাভ ক্লোসার সমান গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষস্থান ভাগাভাগি করছেন আর্জেন্টাইন অধিনায়ক।