স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো মরক্কো, আর লাভ হলো ব্রাজিলের!

ম্যাচের বয়স তখন মাত্র ৭১ সেকেন্ড। এরই মধ্যে জাল খুঁজে নিয়ে বিশ্বকাপের দ্রুততম গোলের নতুন রেকর্ড গড়ে ফেললেন ইসমায়েল সাইবারি। মরক্কোর এই মিডফিল্ডারের সেই একমাত্র গোলেই স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে আটলাস লায়ন্সরা।

শনিবার বোস্টনের স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। ম্যাচের দ্বিতীয় মিনিটে ব্রাহিম দিয়াজের দারুণ এক লব পাস ধরে স্কটিশ রক্ষণভাগকে পেছনে ফেলে এগিয়ে যান সাইবারি। এরপর অ্যাঙ্গাস গুনকে পরাস্ত করে বল জালে জড়াতে ভুল করেননি তিনি। সেই গোলই পরে ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

এই গোলের মাধ্যমে টুর্নামেন্টের দ্রুততম গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন সাইবারি। পাশাপাশি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই গোল করে বিরল এক কীর্তিও গড়েছেন মরক্কোর এই তারকা। আফ্রিকার ফুটবলারদের মধ্যে এমন নজির খুব কমই দেখা গেছে।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে স্কটল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্ডি রবার্টসনের নিখুঁত ক্রস থেকে জন ম্যাকগিনের সামনে সমতা ফেরানোর সুযোগ এসেছিল। কিন্তু গোলমুখে দাঁড়িয়ে বলের সঙ্গে ঠিকমতো সংযোগ করতে না পারায় হতাশ হতে হয় তাকে।। ৫২তম মিনিটে আশরাফ হাকিমির কর্নার থেকে বিলাল এল খানুসের হেড অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক অ্যাঙ্গাস গুন। শেষদিকে স্কটল্যান্ড আক্রমণের তীব্রতা বাড়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। উল্টো পাল্টা আক্রমণে আরও কয়েকবার ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল মরক্কো, যদিও সেগুলো কাজে লাগাতে পারেনি তারা।

তবে তাতে জয়ের আনন্দে ভাটা পড়েনি। সাইবারির রেকর্ডগড়া গোলে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে ‘সি’ গ্রুপে নিজেদের অবস্থান আরো মজবুত করেছে মরক্কো।

এই ফল স্বস্তি দিয়েছে ব্রাজিলকেও। মরক্কোর জয় গ্রুপের সমীকরণকে সহজ করেছে সেলেসাওদের জন্য। ফলে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নিজেদের ভাগ্য এখন অনেকটাই নিজেদের হাতেই রাখতে পারছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।