বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের গোলকিপারদের জার্সির রং পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে ব্রাজিলের তিন গোলকিপার আলিসন, এদেরসন ও ওয়েভারতনের লাল জার্সি পরে মাঠে নামার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তাদের গাঢ় সবুজ রঙের জার্সি, শর্টস ও মোজা পরে খেলতে নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ম্যাচের অফিসিয়াল কিট গ্রাফিকসেও লাল জার্সির পরিবর্তে গাঢ় সবুজ কিট ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, স্কটল্যান্ডের গোলকিপাররা ধূসর রঙের জার্সি পরে মাঠে নামবেন। তবে শেষ মুহূর্তে কেন এই পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে ফিফার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এদিকে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, বিশ্বকাপের জন্য গোলকিপারদের লাল রঙের কোনো জার্সি তৈরি করা হয়নি। ব্রাজিল দলের কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির ওয়েবসাইটেও এই ম্যাচের জন্য গাঢ় সবুজ গোলকিপার জার্সি পাওয়া যাচ্ছে।
‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১–১ গোলে ড্র করে। এরপর হাইতিকে ৩–০ গোলে হারায় কার্লো আনচেলত্তির দল। এবার স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্ব নিশ্চিত করাই ব্রাজিলের লক্ষ্য।
এই ম্যাচের মধ্য দিয়েই প্রায় তিন বছর পর জাতীয় দলের হয়ে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।