কারা উঠলো শেষ বত্রিশে, বিদায়ঘণ্টা বাজলো কাদের

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের সমীকরণ দ্রুতই শেষ হয়ে আসছে। ১২টি গ্রুপের মধ্যে ছয়টির সব ম্যাচ শেষ হওয়ার মাধ্যমে নকআউট পর্বের ১৯টি দল চূড়ান্ত হয়ে গেছে।   

আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় শেষ বত্রিশের লড়াইয়ের জন্য এখনও ১৩টি স্থান ফাঁকা রয়েছে। সেখানে জায়গা করে নেওয়ার দৌড়ে টিকে আছে ২১টি দল।

বিশ্বকাপের নকআউট পর্বের প্রচলিত নিয়মেই এই ম্যাচগুলো খেলা হবে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দলের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল পরের ধাপে যাওয়ার সুযোগ পাবে। প্রতিটি ম্যাচই হবে ‘সিঙ্গেল-এলিমিনেশন’ বা সরাসরি বিদায়ের ম্যাচ। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ড্র থাকলে ১৫ মিনিট করে মোট ৩০ মিনিটের অতিরিক্ত সময় খেলা হবে। এরপরও সমতা থাকলে টাইব্রেকারে জয়ী দল নির্ধারণ করা হবে।

শুক্রবার (২৬ জুন) সকাল পর্যন্ত ১৯টি দল শেষ বত্রিশে পা রেখেছে। এর মধ্যে গ্রুপ ‘এ’ থেকে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা এবং গ্রুপ ‘বি’ থেকে সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা পরের পর্ব নিশ্চিত করেছে।

গ্রুপ ‘সি’ থেকে ব্রাজিল ও মরক্কোর সঙ্গে গ্রুপ ‘ডি’ থেকে শেষ বত্রিশে উঠেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। গ্রুপ ‘ই’ থেকে জার্মানি, আইভরিকোস্ট ও ইকুয়েডর এবং গ্রুপ ‘এফ’ থেকে নকআউটের টিকিট কেটেছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন।

এছাড়া, গ্রুপ ‘আই’ থেকে ফ্রান্স ও নরওয়ে, গ্রুপ ‘জে’থেকে আর্জেন্টিনা এবং গ্রুপ ‘কে’ থেকে কলম্বিয়া পরের রাউন্ডে নিজেদের জায়গা সুরক্ষিত করেছে।

অন্যদিকে, প্রতিযোগিতা থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে আটটি দলচ। প্রথম পর্বেই  বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাওয়া দলগুলো হলো তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান।

বাকি গ্রুপগুলোর ম্যাচ শেষ হলে চূড়ান্ত হবে নকআউট পর্বের অবশিষ্ট ১৩টি দল।