বিশ্বকাপের শেষ বত্রিশে ব্রাজিলকে সমীহ করলেও তাদের হারানোর সামর্থ্য নিজেদের আছে বলে বিশ্বাস করেন জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে উল্লেখ করলেও নকআউট পর্বে জয়ের সম্ভাবনা দেখছেন তিনি।
বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে জাপান। ফলে শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ হয়েছে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল।
ম্যাচ-পূর্ব প্রতিক্রিয়ায় মরিয়াসু বলেন, “সবশেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে আমরা প্রমাণ করেছিলাম যে, আমাদের সহজে পেরিয়ে যাওয়া যাবে না। এটা আমাদের জন্য দারুণ অগ্রগতি। ব্রাজিল বিশ্বের সেরা দলগুলোর একটি এবং আমরা তাদের অনেক শ্রদ্ধা করি।”
তিনি আরও বলেন, “আমরা জানি না ম্যাচে কী ঘটবে। তবে আমাদেরও জয়ের সুযোগ থাকবে।”
গত অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থেকেও ৩-২ গোলে ব্রাজিলকে হারিয়েছিল জাপান। সেই জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই এবার বিশ্বকাপের নকআউট পর্বে মাঠে নামতে চায় মরিয়াসুর দল।
সুইডেনের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে এগিয়ে গিয়েছিল জাপান। তবে পরে সমতায় ফেরে সুইডেন। গোল হজমের পর জাপান আর অতিরিক্ত ঝুঁকি না নিয়ে রক্ষণ সামলাতেই বেশি মনোযোগ দেয়।
এ প্রসঙ্গে মরিয়াসু বলেন, “আমরা একটি গোল হজম করেছি, আর ফুটবলে এমনটা হতেই পারে।”
আগামী সোমবার হিউস্টনে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান।



