Thursday, June 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

গ্রুপ পর্বে ব্রাজিলের মোট গোল সংখ্যা ৭

‘৭’ সংখ্যাটি ব্রাজিল সমর্থকদের কাছে ছিল দুঃস্বপ্নের প্রতীক

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৫:০১ পিএম

ফুটবল বিশ্বে ‘৭’ সংখ্যা এতদিন ব্রাজিল সমর্থকদের কাছে ছিল দুঃস্বপ্নের প্রতীক। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে সেই ঐতিহাসিক হারের স্মৃতি এখনো তাজা। তবে ২০২৬ বিশ্বকাপে একই সংখ্যা এবার ব্রাজিলের জন্য নিয়ে এসেছে স্বস্তি ও আত্মবিশ্বাসের বার্তা।

গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে ব্রাজিল করেছে ৭ গোল, বিপরীতে হজম করেছে মাত্র ১টি। দুর্দান্ত এই পারফরম্যান্সে কার্লো আনচেলত্তির দল ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্ব নিশ্চিত করেছে।

গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩–০ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মায়ামির ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র, আর একটি গোল করেন মাতেউস কুনিয়া।

এর আগে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১–১ গোলে ড্র করে ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩–০ গোলে হারিয়ে ছন্দে ফেরে সেলেসাওরা।

গ্রুপ পর্বে ৭ গোল করে মাত্র ১ গোল হজম করার কীর্তি ব্রাজিলের জন্য নতুন নয়। এর আগে ২০০৬ বিশ্বকাপেও একই পরিসংখ্যান নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছিল দলটি। সেবার ক্রোয়েশিয়াকে ১–০, অস্ট্রেলিয়াকে ২–০ এবং জাপানকে ৪–১ গোলে হারিয়েছিল ব্রাজিল।

এদিকে একই গ্রুপে ৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে রানার্সআপ হয়েছে মরক্কো। তিন পয়েন্ট পাওয়া স্কটল্যান্ড অপেক্ষায় আছে সেরা তৃতীয় দলের হিসেবে নকআউটে ওঠার সম্ভাবনার জন্য। আর তিন ম্যাচে হেরে কোনো পয়েন্ট ছাড়াই বিশ্বকাপ অভিযান শেষ করেছে হাইতি।

   

About

Popular Links

x