গ্রুপসেরা হয়ে ইতোমধ্যে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই রবিবার জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য নিয়মরক্ষার হলেও গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না দলটি।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচে শুরুর একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। বিশেষ করে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য লিওনেল মেসি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে টিম ম্যানেজমেন্ট।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মেসিকে অতিরিক্ত চাপ থেকে দূরে রাখতে চায় কোচিং স্টাফ। তবে জর্ডানের বিপক্ষে ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে। পুরো ম্যাচ না খেলিয়ে নির্দিষ্ট সময় মাঠে রাখার পরিকল্পনাও থাকতে পারে।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা মেসি এখন পর্যন্ত ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন।
অন্যদিকে, এমিলিয়ানো মার্টিনেজকেও নিয়ে সতর্ক আর্জেন্টিনা। সম্প্রতি ডান হাতের অনামিকায় চোট পেয়েছিলেন এই গোলরক্ষক। যদিও চোট কাটিয়ে জর্ডানের বিপক্ষে খেলতে আগ্রহী তিনি, তবে শেষ সিদ্ধান্ত নেবেন স্কালোনি।
নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় নিয়মিত একাদশের কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে। রক্ষণভাগে অস্ট্রিয়া ম্যাচে চোটের কারণে বাইরে থাকা গঞ্জালো মন্তিয়েল ফিরতে পারেন।
সেন্টার-ব্যাক পজিশনে নিকোলাস ওতামেন্দির সঙ্গে মার্কোস সেনেসি বা ফাকুন্দো মেদিনা খেলতে পারেন। বাঁ প্রান্তে দেখা যেতে পারে নিকোলাস তালিয়াফিকোকে।
মাঝমাঠেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে এজেকিয়েল পালাসিওস বা ভ্যালেন্তিন বারকোকে দেখা যেতে পারে। আক্রমণভাগে সুযোগ পেতে পারেন জুলিয়ানো সিমিওনে ও জিওভানি লো সেলসো।
স্ট্রাইকার পজিশনে লাউতারো মার্টিনেজের পরিবর্তে শুরুর একাদশে আসতে পারেন হুলিয়ান আলভারেজ। প্রয়োজনে হোসে লোপেজকেও ব্যবহার করতে পারেন স্কালোনি।
যদি মেসিকে শুরু থেকে মাঠে না নামানো হয়, তাহলে আক্রমণ সাজানোর দায়িত্ব পড়তে পারে তরুণ নিকোলাস পাজের ওপর। নকআউটের আগে জর্ডানের বিপক্ষে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি দলের ছন্দ ধরে রাখাই এখন আর্জেন্টিনার মূল লক্ষ্য।



