নকআউট পর্ব আগেই নিশ্চিত করেছে দুই দলই। তাই ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্স ও নরওয়ে মুখোমুখি হচ্ছে শুধুই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। তবে ম্যাচ শুরুর আগেই বড় চমক দিয়েছে নরওয়ে।
দলের সবচেয়ে বড় দুই তারকা আর্লিং হালান্ড ও অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে শুরুর একাদশে রাখেননি কোচ। দুজনই স্কোয়াডে থাকলেও শুরুতে তাদের বেঞ্চে বসিয়ে ম্যাচে নামছে নরওয়ে। ম্যাচের পরিস্থিতি বুঝে দ্বিতীয়ার্ধে তাদের মাঠে নামানো হতে পারে।
বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে নরওয়ে। প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সেনেগালকে ৩-২ ব্যবধানে পরাজিত করে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে শেষ ৩২ এর টিকিট।
একইভাবে ফ্রান্সও প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে নকআউট নিশ্চিত করেছে। ফলে আজকের ম্যাচের ফল নির্ধারণ করবে গ্রুপের শীর্ষস্থান।
নরওয়ে যেখানে দুই সেরা তারকাকে বিশ্রামে রেখেছে, সেখানে ফ্রান্সের আক্রমণের নেতৃত্বে শুরু থেকেই আছেন কিলিয়ান এমবাপ্পে। তাই শুরুতে বহুল প্রতীক্ষিত এমবাপ্পে-হালান্ড দ্বৈরথ দেখা না গেলেও, দ্বিতীয়ার্ধে হালান্ড মাঠে নামলে সেই লড়াই জমে উঠতে পারে।
নরওয়ের একাদশ
গোলরক্ষক: এগিল সেলভিক।
অন্যরা: ফ্রেডরিক বিয়র্কান, হেনরিক ফালকেনার, লেও অস্টিগার্ড, ফ্রেডরিক অউরেস্নেস, থেলোনিয়াস আসগার্ড, প্যাট্রিক বার্গ, অস্কার বব, ক্রিস্টিয়ান থর্স্টভেড্ট, আন্দ্রেয়াস শেলদেরুপ ও জর্গেন স্ট্র্যান্ড লারসেন।