আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব-৩২ এ আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। ম্যাচে আর্লিং হালান্ড গোলের দেখা না পেলেও দলকে জয়ের পথে এগিয়ে নেন তরুণ তারকা আন্তোনিও নুসা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। তৃতীয় মিনিটেই হালান্ডের হেড প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। এরপর একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও ভাগ্য সঙ্গ দেয়নি এই স্ট্রাইকারকে। প্রথমার্ধের শেষ দিকে তার প্রায় নিশ্চিত গোলও শেষ মুহূর্তে ক্লিয়ার করে দেন আইভরি কোস্টের এক ডিফেন্ডার। এছাড়া তার আরেকটি শক্তিশালী হেড দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

হালান্ড গোল করতে না পারলেও ৩৯তম মিনিটে নরওয়েকে এগিয়ে দেন আন্তোনিও নুসা। বক্সের বাঁ দিক থেকে অসাধারণ দক্ষতায় জায়গা তৈরি করে ডান পায়ের কোণাকুনি শটে আইভরি কোস্টের গোলরক্ষক ফোফানাকে পরাস্ত করেন তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নরওয়ের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার কীর্তিও গড়েন নুসা। প্রথমার্ধ শেষ হয় নরওয়ের ১-০ ব্যবধানে এগিয়ে থেকে।

অন্যদিকে আইভরি কোস্টও কয়েকটি আক্রমণ গড়ে তুললেও সেগুলোকে গোলে রূপ দিতে পারেনি। ২১তম মিনিটে ঘিসলাইন কোনানের শট বাইরে দিয়ে চলে যায়। এরপর নিকোলাস পেপে ও এমানুয়েল আগবাদুও সুযোগ পেয়েও নরওয়ের রক্ষণ ও গোলরক্ষক ওরহান নাইলান্ডকে পরাস্ত করতে পারেননি।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। এই জয়ে ১৯৯৮ সালের পর বিশ্বকাপে ফেরা দলটি জায়গা করে নিল শেষ ষোলোতে। অন্যদিকে আইভরি কোস্টের এবারের বিশ্বকাপ অভিযান শেষ হলো রাউন্ড অব ৩২ থেকেই।