প্রতিপক্ষ ব্রাজিলকে নিয়ে যা বললো আর্লিং হালান্ড

বিশ্বকাপের শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে। নকআউট পর্বের এই বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে ব্রাজিলকেই স্পষ্ট ফেভারিট হিসেবে দেখছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। সেলেসাওদের বিপক্ষে নিজেদের জয়ের সম্ভাবনা নিয়েও খুব বেশি আশাবাদী নন তিনি।

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে হালান্ড বলেন, ‘‘সম্ভাবনা খুবই কম।’’

এর আগে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকে পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, ‘‘শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে খেলতে হবে, এটাই বাস্তবতা।’’

যদিও পরিসংখ্যান নরওয়ের পক্ষেই কথা বলছে। দুই দলের আগের চার দেখায় ব্রাজিল কখনোই নরওয়েকে হারাতে পারেনি। তবে অতীতের সেই রেকর্ড এবারও কাজে লাগবে কি না, সে বিষয়ে আত্মবিশ্বাসী নন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।

আইভরি কোস্টকে হারিয়ে নকআউট নিশ্চিত করার পর ডালাস স্টেডিয়ামে উচ্ছ্বাসে মেতে ওঠেন নরওয়ের সমর্থকরা। ম্যাচ শেষে খেলোয়াড়রাও নিজেদের ঐতিহ্যবাহী ‘ভাইকিং রোয়িং’ উদ্‌যাপনে অংশ নেন। মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে প্রতীকী বৈঠা বাইবার ভঙ্গিতে জয় উদযাপন করেন তারা।

দেশের মানুষের সমর্থনের কথা তুলে ধরে হালান্ড বলেন, ‘নরওয়ের মানুষ এখন দারুণ উচ্ছ্বসিত। জাতীয় দলকে ঘিরে পুরো দেশের এই ঐক্য আমাদের পারফরম্যান্সেও ইতিবাচক প্রভাব ফেলে।’

তবে সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি। হালান্ড বলেন, ‘এখন আমরা শেষ ষোলোতে। এখান থেকে প্রতিটি দলই শক্তিশালী। সামনে এগোনো মোটেও সহজ হবে না। আমরা পারব কি না, সেটাও জানি না। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি এবং সেই প্রস্তুতি ধরে রাখার চেষ্টা করছি।’

এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন হালান্ড। ইতোমধ্যে পাঁচ গোল করেছেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার। ইউরোপিয়ান বাছাইপর্বে তার অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় নরওয়ে। সর্বশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে খেলেছিল দলটি।