ভেনেজুয়েলায় পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩,০০০। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। তাদেরই একজন আন্দ্রেস মিয়েলেস। এক পা হারিয়ে হাসপাতালে সুস্থ হওয়ার লড়াইয়ে আছে ছোট্ট এই শিশু।
আহত মিয়েলেস একটি ইচ্ছা পোষণ করেছিল, প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর অফিশিয়াল স্টিকার পাওয়ার। ক্ষুদে ভক্তের এই আবদার পূরণ করেছেন রোনালদো।
মিয়েলেসের এই ইচ্ছার কথা পৌঁছেছিল রোনালদোর কাছে। চরম দুঃসময়ে ছোট এই ভক্তের মুখে হাসি ফোটাতে রোনালদো পর্তুগালের জার্সি পরে একটি ভিডিও বানিয়েছেন। সেই ভিডিওতে মিয়েলেসকে নিজের একটি ম্যাচ মাঠে বসে দেখার আমন্ত্রণ জানিয়েছেন রোনালদো।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক ভিডিওতে রোনালদোকে বলতে দেখা গেছে, “হাই আন্দ্রেস, কেমন আছো? আমি এই ভিডিও বানাচ্ছি তোমাকে একটি আলিঙ্গন পৌঁছে দিতে। আমি জানি তুমি আমার বড় ভক্ত, আমি প্রার্থনা করছি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমি তোমাকে আমার একটি ম্যাচে আমন্ত্রণ জানাতে চাই, যেন আমরা একসাথে ম্যাচটি উপভোগ করতে পারি। তোমার সাথে দেখা করতে তর সইছে না। ধৈর্য রেখো, বন্ধু।”
বিভিন্ন সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ছোট্ট মিয়েলেসের আবদার অনুযায়ী রোনালদোর অফিশিয়াল স্টিকার এরই মধ্যে তার কাছে পৌঁছে গেছে। রোনালদোর সই করা একটি জার্সিও মিয়েলেসের কাছে পাঠানো হবে বলে জানা গেছে।
হাসপাতালের বিছানায় শুয়ে স্বাস্থ্যকর্মীদের মোবাইলে যখন রোনালদোর ভিডিও বার্তা দেখছিল মিয়েলেস, তখন তার হাসি উপস্থিত সবার মুখেও যেন হাসি ফুটিয়েছে।