শক্তিশালী একাদশ নিয়ে নামছে ব্রাজিল-নরওয়ে 

ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও নরওয়ে। একদিকে কার্লো আনচেলত্তির অভিজ্ঞ সেলসাওরা, অন্যদিকে ইতিহাস গড়ে শেষ ষোলোতে ওঠা নরওয়েজিয়ানরা। 

সোমবার (৬ জুলাই) নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত দুইটার এই মহারণে ২ দলের লক্ষ্য অভিন্ন হলেও পথটা একেবারেই আলাদা। 

গ্রুপ পর্বে তিন জয় ও এক ড্র নিয়ে নকআউট নিশ্চিত করে ব্রাজিল। টুর্নামেন্ট জুড়ে নিয়ন্ত্রিত ও পরিণত ফুটবল খেলেছে তারা। আক্রমণে চার গোল করে আলোচনায় ভিনিসিয়ুস জুনিয়র। তার সঙ্গে মাতেউস কুনিয়ার তিন গোলও ব্রাজিলকে বাড়তি শক্তি দিয়েছে। 

নরওয়ের গল্পটা ভিন্ন। ইউরোপিয়ান বাছাইপর্বে আট ম্যাচের সবকটিই জিতেছিল স্টোলে সোলবাক্কেনের দল। ৩৭ গোল করার বিপরীতে হজম করেছিল মাত্র ৫টি। বিশ্বকাপেও সেই আক্রমণাত্মক ফুটবলের ছাপ রেখেছে তারা। ইরাককে ৪-১, সেনেগালকে ৩-২ গোলে হারানোর পর ফ্রান্সের কাছে ৪-১ গোলে হারলেও শেষ ষোলোয় আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছে দলটি। 

ব্রাজিলের সম্ভাব্য একাদশ-

ব্রাজিল (৪-৩-৩): অ্যালিসন; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস, অ্যালেক্স সান্দ্রো; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রাফিনিয়া, কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র। 

নরওয়ের সম্ভাব্য একাদশ- 

নরওয়ে (৪-৩-৩): ওরিয়ান নিয়ল্যান্ড; জুলিয়ান রিয়ারসন, ক্রিস্টোফার আয়ের, লেও অস্টিগার্ড, মার্কুস হোমগ্রেন পেদারসেন; সান্দের বের্গে, প্যাট্রিক বের্গ, মার্টিন ওদেগার্ড; আন্তোনিও নুসা, আর্লিং হলান্ড, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন।