একের পর এক অভিযোগে জেরবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। একদিকে ফুটবল বিশ্বকাপে মিশরের বিরুদ্ধে জয় নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে রয়েছে তারা। আর এবার যে অভিযোগ এলো, তাতে নিশ্চিতভাবেই আর্জেন্টিনা সমর্থকদের ঘুম হারাম।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওন এবং আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স স্পোর্টস মেক্সিকো বলছে, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) , এএফএ সভাপতি ক্লাউডিও "চিকি" তাপিয়ার নেতৃত্বাধীন আর্জেন্টাইন সংস্থাটির শত শত মিলিয়ন ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেনের খোঁজে মাঠে নেমেছে।
তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে “ট্যুরপ্রোডএন্টার এলএলসি” নামে একটি প্রতিষ্ঠান।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন জানিয়েছে, গত কয়েক বছর ধরে এএফএর আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তির অর্থ সংগ্রহ ও পরিচালনার দায়িত্বে ছিল প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআই খতিয়ে দেখছে এএফএ কীভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করেছে। তাদের সন্দেহ, এসব লেনদেনের মধ্যে অর্থপাচার বা আর্থিক প্রতারণার মতো কোনো অনিয়ম হয়েছে কি না।
অভিযোগ অনুযায়ী, তারা সিটিব্যাংক, ব্যাংক অব আমেরিকা, জেপি মর্গানসহ পাঁচটি মার্কিন ব্যাংকের মাধ্যমে অন্তত ২৬০ মিলিয়ন ডলার লেনদেন করেছে।
তদন্তকারীরা বলছেন, এই টাকার একটি অংশের ব্যবহার স্পষ্ট হলেও প্রায় ৫৭ মিলিয়ন ডলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে, যার ব্যবসায়িক কারণ পরিষ্কার নয়। তাই সেই অর্থ কোথায় গেছে এবং কেন গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ছাড়া কোম্পানির মালিক হাভিয়ের ফারোনি ও তার স্ত্রী এরিকা জিলেটের আর্থিক লেনদেনও তদন্তের আওতায় এসেছে। তবে এখন পর্যন্ত এএফএ বা সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে কোনো অপরাধ আদালতে প্রমাণিত হয়নি। তদন্ত শেষ হলে বিষয়টি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।