ফিফা বিশ্বকাপের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে যাওয়ার ঘটনায় আলোচনায় এসেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো।
ফাইনাল শেষে পদক নিতে মঞ্চে ওঠেন আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়রা। এ সময় রোমেরো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে হাত মেলালেও পাশে দাঁড়িয়ে থাকা প্রেসিডেন্ট ট্রাম্পকে কোনো অভিবাদন জানাননি। তবে দুই দলের অন্য ফুটবলাররা ট্রাম্পের সঙ্গে স্বাভাবিকভাবেই করমর্দন করেন।
রোমেরোর ট্রাম্পকে এড়িয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ইনফান্তিনোর সঙ্গে করমর্দনের পর তিনি ট্রাম্পকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রাম্প শুধু খেলোয়াড়দের পদকই তুলে দেননি, অনেকের সঙ্গে করমর্দন ও সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ও করেন। পরে ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে স্পেনের অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন। ট্রফি প্রদান শেষে উদ্যাপনের সময়ও ট্রাম্প মঞ্চের মাঝখানে অবস্থান করায় চ্যাম্পিয়ন দলের ঐতিহাসিক ট্রফি উঁচিয়ে ধরার ছবিতেও তিনি ফ্রেমবন্দী হন।
ট্রাম্পের উপস্থিতি আগেই নিশ্চিত হয়েছিল। গত ২৩ জুন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, বিশ্বকাপের ফাইনালে তারা দুজন যৌথভাবে ট্রফি প্রদান করবেন। যদিও আগের আসরগুলোতে এই দায়িত্ব সাধারণত ফিফা সভাপতির একারই ছিল।
তবে ট্রাম্পের এই ভূমিকা সবাই ইতিবাচকভাবে নেননি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য তিনি মাঠে প্রবেশ করার সময় গ্যালারির একটি অংশ থেকে দুয়োধ্বনি শোনা যায়।
এবারের বিশ্বকাপে এটিই ছিল ট্রাম্পের প্রথম মাঠে উপস্থিতি। এর আগে তিনি শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে খবর প্রকাশিত হয়। পরে নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় ট্রাম্পের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছিল।