এবার বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েছে লিওনেল স্কালোনির দল। শিরোপা হারানোর সঙ্গে সঙ্গে বদল আসছে তাদের অফিসিয়াল জার্সিতেও। বুকের অংশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের বিশেষ ব্যাজ।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনার জার্সিতে থাকা ‘ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস’ ব্যাজ আর ব্যবহার করা হবে না। বিশ্বচ্যাম্পিয়ন দলের স্বীকৃতি হিসেবে এতদিন লিওনেল মেসিদের জার্সির বুকে শোভা পাওয়া এই প্রতীক এখন নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের দখলে যাচ্ছে।

ফাইনালে জয় পাওয়ার পর ২০২৬ বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে স্পেনের জার্সিতেই এখন থেকে দেখা যাবে বিশেষ এই ব্যাজ। ফলে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বচ্যাম্পিয়নের প্রতীক আর থাকছে না।

তবে আর্জেন্টিনার জার্সিতে এখনো থাকবে ২০২৪ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার স্মারক প্যাচ। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের ফাইনালে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।

গত ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।

শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামলেও ফাইনালে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে একবারও লক্ষ্যে শট নিতে পারেনি স্কালোনির দল। অতিরিক্ত সময়েও তাদের দুটি শটের কোনোটিই অন-টার্গেটে ছিল না।

এদিকে ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে লিওনেল মেসির দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। যদিও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এসব ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিয়েছে।