Wednesday, October 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেসির বিদায়ী ম্যাচের অনুষ্ঠানসূচি প্রকাশ, শেষে থাকছে বড় চমক

বিদায় স্মরণীয় করে রাখতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে এএফএ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৬ এএম

৩১ আগস্ট ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপ ফাইনালেই আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) বিশেষ অনুরোধে শেষবারের মতো মাঠে নামতে রাজি হন লিওনেল মেসি। তার বিদায় স্মরণীয় করে রাখতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে এএফএ। সেই অনুষ্ঠানের পূর্ণাঙ্গ সূচি এখন প্রকাশ করা হয়েছে। সেখানে থাকছে গান, জাতীয় সংগীত, ম্যাচ, বিরতির পরিবেশনা, ড্রোন শো, আতশবাজি এবং সবশেষে একটি বিশেষ চমক।

বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। আর্জেন্টিনার স্থানীয় সময় তখন মঙ্গলবার রাত ৮টা। ফিফাও নিশ্চিত করেছে, এটিই আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া আগেই জানিয়েছিলেন, নিজের দেশের মাটিতে মেসিকে প্রাপ্য বিদায় দেওয়া হবে।

স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে “উন পোকো দে রুইদো”র পরিবেশনা দিয়ে শুরু হবে আয়োজন। এরপর একে একে মঞ্চে উঠবেন সেবাস্তিয়ান মেন্দোসা, রোমান এল অরিজিনাল, আমার আসুল, সান্তি কাইরো, কিউলোকুরা ও দামাস গ্রাতিস। সূচি অনুযায়ী, বিকেল ৫টা ৪০ মিনিটে গাইবেন মেন্দোসা, ৫টা ৫০ মিনিটে রোমান এল অরিজিনাল, ৬টায় আমার আসুল, ৬টা ১০ মিনিটে সান্তি কাইরো ও ৬টা ২০ মিনিটে কিউলোকুরা। রাত ৭টায় থাকবে দামাস গ্রাতিসের পরিবেশনা। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী কুম্বিয়া ও লোকসংগীতশিল্পীরাই এ পর্বে মূল আকর্ষণ।

রাত ৮টায় মালভিনাস যুদ্ধের সাবেক সৈনিক ফাবিও সান্তানার কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হবে মূল ম্যাচ। বিরতির সময় গান গাইবেন গাসপার বেনেগাস।

রাতের সবচেয়ে বড় আয়োজন রাখা হয়েছে ম্যাচ শেষে। স্থানীয় সময় রাত ১০টা ৩ মিনিটে শুরু হবে ড্রোন ও আতশবাজির শো। ১০টা ১০ মিনিটে মঞ্চে উঠবেন লোকসংগীতশিল্পী “লা সোলে” এবং ১০টা ১৫ মিনিটে পরিবেশনা করবেন কুয়ার্তেতো গায়ক উলিসেস বুয়েনো।

এরপরই আসবে বিদায়ের সবচেয়ে রহস্যময় মুহূর্ত। রাত ১০টা ৩০ মিনিটের ঘরে সূচির শেষ লাইনে লেখা “সোরপ্রেসা”, যার অর্থ চমক। সেখানে কোনো শিল্পীর নাম বা বিস্তারিত ঘোষণা নেই। শুধু জানানো হয়েছে, বিদায়ী আয়োজনের শেষ মুহূর্তে একটি “সারপ্রাইজ” থাকবে। কী সেই চমক, তা এখনো প্রকাশ করেনি এএফএ। ফলে মেসির বিদায়ী রাতের সবচেয়ে বড় কৌতূহল এখন এই শেষ লাইনটিকে ঘিরেই।

মেসির বিদায়ী ম্যাচকে কেন্দ্র করে শুধু মনুমেন্টালে নয়, পুরো বুয়েনস আইরেসেই চলছে বিশেষ আয়োজন। ইউনিভার্সিটি অব বুয়েনস আইরেসের সিউদাদ ইউনিভার্সিতেরিয়া ক্যাম্পাসে দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এএফএর “গ্রাসিয়াস, লিও” ফ্যান ফেস্ট। সেখানে গান, বিনোদন, খাবার ও খেলাধুলার পাশাপাশি বড় পর্দায় আর্জেন্টিনা-বেনিন ম্যাচ দেখার ব্যবস্থা থাকবে।

   

About

Popular Links

x