২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে আপাতত সেই গুঞ্জনে ইতি টেনেছে বেইন স্পোর্টস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এখনই জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন না আর্জেন্টাইন অধিনায়ক।
প্রতিবেদন অনুযায়ী, মেসি আরও কয়েক মাস আর্জেন্টিনার জার্সিতে খেলবেন। এরপরই দীর্ঘ ও গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।
এদিকে আর্জেন্টিনার একাধিক গণমাধ্যম জানিয়েছে, মেসিকে সম্মানজনক বিদায় জানাতে দেশের মাটিতে একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ। ম্যাচটির ঘোষণা আগেভাগেই দেওয়া হবে, যাতে দেশজুড়ে হাজার হাজার সমর্থক স্টেডিয়ামে উপস্থিত থেকে তাদের প্রিয় অধিনায়ককে শেষবারের মতো সম্মান জানাতে পারেন।
প্রায় দুই দশক ধরে আকাশি-সাদা জার্সিতে দেশের হয়ে অসংখ্য সাফল্য এনে দেওয়া মেসির বিদায়ী ম্যাচটি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় আয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশ্বকাপ ফাইনালের ফল হতাশাজনক হলেও আর্জেন্টিনার ফুটবলে মেসির অবদান অনন্য। তার নেতৃত্বেই ২০২২ সালে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। তাই বিদায়ের মুহূর্তে দেশের মাটিতেই কিংবদন্তিকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে।