আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) রাত প্রায় ১০টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
দীর্ঘদিন অসুস্থতার সাথে লড়াই করছিলেন তিনি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ইনফোবায়ে’-এর বরাত দিয়ে লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর প্রকাশ করেছে স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম মার্কা। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আর্জেন্টিনার রোজারিও শহরের একটি ক্লিনিকে ৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে।
এছাড়া গোল ডটকম একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাত দিয়ে হোর্হে মেসির মৃত্যুর খবর জানিয়েছে।
লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার বাবার। দীর্ঘদিন ধরে ছেলের পেশাগত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মেসির ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে পাশে ছিলেন হোর্হে।
গত জুনে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি। ম্যাচ শেষে কান্নার কারণ জানতে চাইলে তিনি জানিয়েছিলেন, এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত জীবনে তিনি কয়েকটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলেও জানান।
মেসির ওই মন্তব্যের পর তার বাবার শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, মেসির আবেগপ্রবণ হওয়ার সঙ্গে হোর্হের অসুস্থতার সম্পর্ক রয়েছে।
এরপর মেসি পরিবার এক বিবৃতিতে জানায়, হোর্হে মেসি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানানো হয়।
একই বিবৃতিতে পরিবারের ব্যক্তিগত বিষয় নিয়ে গুজব ও অনুমাননির্ভর খবর প্রকাশের ঘটনায় অসন্তোষ জানানো হয়। হোর্হে মেসি ও তার পরিবারের গোপনীয়তা এবং ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়।