আর্জেন্টাইন সুন্দরীকে বিয়ে করে মেসির দেশের 'জামাই' হয়ে গেলেন রোনালদো

দীর্ঘ প্রায় এক দশকের প্রেমের সম্পর্ক অবশেষে বিয়েতে গড়াল। পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পর্তুগালের কাসকাইসে ঘরোয়া পরিবেশে, একেবারে ব্যক্তিগত এক অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে এমনটাই জানিয়েছে রোনালদোর ম্যানেজমেন্ট।

মজার বিষয় হলো, জর্জিনার জন্ম আর্জেন্টিনার বুয়েনস আইরেসে। ফলে বিয়ের মধ্য দিয়ে পর্তুগিজ তারকা এখন আনুষ্ঠানিকভাবে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার জামাই বনে গেছেন।

৪১ বছর বয়সী রোনালদো এবং ৩২ বছর বয়সী জর্জিনার সম্পর্কের বয়স প্রায় দশ বছর। বিয়ে নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছিল, তবে কোনো জমকালো আয়োজন বা প্রচারণা ছাড়াই তারা দিনটি উদযাপন করেছেন নিভৃতে।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে বিয়ের খবর নিজেই নিশ্চিত করেন রোনালদো। ছবিতে দুজনের হাতে বিয়ের আংটি স্পষ্ট, আর ক্যাপশনে লেখা ছিল শুধু 'C ❤ G'।

বিয়ের তারিখও কাকতালীয়ভাবে তাৎপর্যপূর্ণ ঠিক এক বছর আগে, ২০২৫ সালের ১১ আগস্ট জর্জিনা তাদের এনগেজমেন্টের ঘোষণা দিয়েছিলেন। সেই স্মরণীয় দিনের বার্ষিকীতেই তারা স্বামী-স্ত্রী হলেন।

২০১৬ সালে মাদ্রিদের এক গুচি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। রিয়াল মাদ্রিদে খেলা রোনালদো একদিন সেই দোকানে গেলে তাদের প্রথম দেখা হয় জর্জিনা যাকে পরে বর্ণনা করেছিলেন 'প্রথম দেখাতেই প্রেম' বলে। শুরুতে সম্পর্ক গোপন রাখার চেষ্টা করলেও ২০১৬ সালের শেষদিকে প্যারিসের ডিজনিল্যান্ডে একসঙ্গে তাদের ছবি ফাঁস হয়ে যায়। এরপর ২০১৭ সালে ফিফা বেস্ট অ্যাওয়ার্ডসে প্রথমবার রেড কার্পেটে একসঙ্গে হাজির হন তারা।

সেই বছরই জন্ম নেয় তাদের প্রথম কন্যা আলানা মার্টিনা। পাশাপাশি রোনালদোর যমজ সন্তান এভা ও মাতেওকেও নিজের করে নেন জর্জিনা।

রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাস, এরপর ম্যানচেস্টার ইউনাইটেড এবং সবশেষে সৌদি ক্লাব আল-নাসর রোনালদোর প্রতিটি ক্যারিয়ার বাঁকে ছায়ার মতো পাশে ছিলেন জর্জিনা।

তবে সুখের পাশাপাশি কঠিন সময়ও পার করতে হয়েছে দম্পতিকে। ২০২২ সালের এপ্রিলে যমজ সন্তান জন্মদানের সময় নবজাতক ছেলে অ্যাঞ্জেলকে হারান তারা যে শোক কাটিয়ে উঠতে পরিবারের সমর্থনই ছিল তাদের বড় ভরসা।

আর্জেন্টিনায় জন্ম নিলেও জর্জিনা বেড়ে উঠেছেন স্পেনের জারাগোজায়। ১৮ বছর বয়সে পাড়ি জমান মাদ্রিদে। রোনালদোর সঙ্গী হিসেবে পরিচিতির পাশাপাশি নিজেও গড়ে তুলেছেন উজ্জ্বল ক্যারিয়ার ভোগ, হার্পার্স বাজার, এল, গেস, গুচি, প্রাদা, শ্যানেলের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ৭৪ মিলিয়নেরও বেশি, যা তাকে বিশ্বের অন্যতম আলোচিত ফ্যাশন ব্যক্তিত্বে পরিণত করেছে।

দীর্ঘ প্রেম, পারিবারিক বন্ধন, সুখ-দুঃখের নানা অধ্যায় পেরিয়ে অবশেষে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল রোনালদো-জর্জিনার প্রায় এক দশকের সম্পর্ক। এখন থেকে তারা একে অপরের আইনি স্বামী-স্ত্রী।