বাবার মৃত্যুতে আবেগঘন বার্তায় যা বললো মেসি

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গের পর এবার জীবনের আরও বড় ধাক্কা পেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ৬৮ বছর বয়সে মারা গেছেন তার বাবা ও দীর্ঘদিনের সহযোগী জর্জ মেসি।

বাবার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় শোক প্রকাশ করেছেন মেসি। বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, বাবার চলে যাওয়ার বাস্তবতা এখনো মেনে নিতে পারছেন না তিনি।

মেসি লেখেন, বাবা, তোমার চলে যাওয়াটা এখনও বিশ্বাস করতে পারছি না। বাস্তবতাটা এখনও বুঝে উঠতে পারছি না। আসলে আমি এটা মানতে চাই না। তোমাকে আর দেখতে পাব না, আমাদের আর কখনো কথা হবে না এটা কল্পনা করাও আমার জন্য খুব কঠিন।

বাবার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে মেসি বলেন, তিনি জানতেন জর্জ মেসি অনেক কষ্টে ছিলেন। তবে এত দ্রুত বাবাকে হারাতে হবে, তা মেনে নিতে পারছেন না তিনি। তার ভাষায়, ‘তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের একসঙ্গে আরও কত কিছু উপভোগ করার বাকি ছিল।’

শেষ বিশ্বকাপে অংশ নেওয়ার পেছনে বাবার অনুরোধের কথাও স্মরণ করেছেন মেসি। তিনি জানান, বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে বাবার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। তবুও মেসির মা তাঁকে আশ্বস্ত করেছিলেন যে জর্জ সুস্থ হয়ে খেলা দেখতে যেতে পারবেন।

মেসি লেখেন, ‘তুমি আমাকে শেষ বিশ্বকাপটা খেলার জন্য কত অনুরোধ করেছিলে! আমি তোমাকে বলতাম, আমরা ফাইনালে উঠবই, যাতে তুমি আসার সুযোগ পাও।’

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে বাবার বার্তার অপেক্ষায় থাকতেন বলেও জানান মেসি। তিনি চেয়েছিলেন যতটা সম্ভব এগিয়ে গিয়ে বাবাকে অন্তত একটি ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ করে দিতে। আর্জেন্টিনা ফাইনালে উঠলেও জর্জ মেসি শেষ পর্যন্ত মাঠে যেতে পারেননি।

মেসির আক্ষেপ, বিশ্বকাপের ট্রফি জিতে সেটি বাবার কাছে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু স্পেনের কাছে হেরে সেই স্বপ্ন পূরণ হয়নি।

বিশ্বকাপ শেষে বাবার সঙ্গে দেখা হওয়ার স্মৃতিও তুলে ধরেছেন মেসি। তিনি জানান, জর্জ ভেবেছিলেন আর্জেন্টিনা পেনাল্টিতে ফাইনাল হেরে গেছে। ফলে বিশ্বকাপের আসল ঘটনাগুলো নিয়ে বাবার সঙ্গে আর কথা বলার সুযোগ হয়নি।

মেসি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি ঠিকই, তবে আমরা প্রতিটি ম্যাচ কতটা উপভোগ করেছি, তা তুমি জানতে পারলে না। আবারও তুমিই ঠিক প্রমাণিত হলে, আমার সেখানে যাওয়া এবং খেলাটাই সঠিক সিদ্ধান্ত ছিল।’

বাবাকে হারানোর পর নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়েছেন মেসি। তিনি লিখেছেন, ‘তোমাকে ছাড়া আমি কী করব জানি না, কীভাবে সামনে এগোবো বুঝতে পারছি না। আমি তো শুধু ফুটবলটাই খেলতে জানতাম, আর এখন আমার নিজের মনেই বড় সংশয় জাগছে যে আমি আর কতদিন খেলাটা চালিয়ে যেতে পারব।’

শৈশব থেকে বাবার পাশে থাকার কথাও স্মরণ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার ভাষায়, জর্জ মেসি ছিলেন তার বাবা, সেরা বন্ধু এবং প্রতিনিধি তিন ভূমিকাতেই সবসময় পাশে ছিলেন।

মেসি আরও লেখেন, ‘টুকটাক অভিমান বা ঝগড়া সত্ত্বেও দিনশেষে সবসময় তুমিই ঠিক প্রমাণিত হতে। সবশেষে তুমি যেভাবে বলতে, ঠিক সেটাই ঘটত।’

বার্তার শেষে মেসি লেখেন, ‘সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসি, বাবা।’