টানা ২২ জয়ে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক বিশ্বরেকর্ড ভেঙেছে স্পেন ক্রিকেট দল

ক্রিকেট মানচিত্রে একসময়ের অখ্যাত দেশ স্পেন আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে তুলেছে এক অবিশ্বাস্য রূপকথা। অসাধারণ ধারাবাহিকতায় টানা আন্তর্জাতিক ম্যাচ জয়ের ক্ষেত্রে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন শক্তিশালী অস্ট্রেলিয়ার দুই দশক পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছে দেশটি। গত পরশু ফিনল্যান্ডকে হারিয়ে টানা ২১তম আন্তর্জাতিক জয় তুলে নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়ার পর, গতকাল আইল অব ম্যানকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের অপরাজেয় যাত্রা টানা ২২ ম্যাচে উন্নীত করেছে স্প্যানিশরা।

গত শুক্রবার ইউরোপীয় সাব-রিজিওনাল বাছাইপর্বের ম্যাচে ফিনল্যান্ডকে হারিয়ে টানা ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে স্পেন। এর মাধ্যমে ২০০-র দশকের শুরুতে পন্টিং বাহিনীর টানা ২০টি আন্তর্জাতিক ম্যাচ (১৭টি ওয়ানডে ও ৩টি টেস্ট) জয়ের দীর্ঘদিনের বিশ্বরেকর্ডটি পেছনে ফেলে দেয় তারা।

টি-টোয়েন্টি ফরম্যাটে স্পেনের এই অপরাজেয় যাত্রা শুরু হয়েছিল তিন বছর আগে, আইল অব ম্যানের বিপক্ষে জয় দিয়ে। এরপর একে একে জার্সি, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, গ্রিস ও ফিনল্যান্ডকে হারিয়ে তারা একের পর এক জয় তুলে নেয়। রেকর্ডের পথচলায় স্পেন ২০২৪ সালে টানা ১৪টি ম্যাচ এবং ২০২৫ সালে ৬টি ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষে বসেছিল। চলতি ২০২৬ সালের প্রথম ম্যাচেই ফিনল্যান্ডকে হারিয়ে তারা ইতিহাস গড়ে নিজেদের একক চূড়ায় নিয়ে যায়।

বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি ২৮ নম্বরে থাকা স্পেন ক্রিকেট দলের এই উল্কাগতি কেবল সহযোগি দেশগুলোর জন্যই অনুপ্রেরণা নয়, বরং ২০২৮ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্নের পথে তাদের শক্তিশালী অবস্থানের এক স্পষ্ট বার্তা।