ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে একটি ম্যাচেও মাঠে নামেননি ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। এতদিন জানা গিয়েছিল, চোটের কারণে টুর্নামেন্টে খেলতে পারেননি তিনি। তবে সেই তথ্যের সঙ্গে একমত নন সাবেক ভারতীয় ক্রিকেটার এস বদ্রিনাথ।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে বদ্রিনাথ দাবি করেন, ধোনি শুধু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে আগ্রহী ছিলেন না। বরং পুরো ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেই মাঠে নামতে চেয়েছিলেন তিনি।
বদ্রিনাথ বলেন, “ধোনি ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছেন যে, তিনি কেবল একজন ব্যাটিং ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, পুরো ২০ ওভার উইকেটের পেছনে দাঁড়িয়ে ভূমিকা রাখতে চান।”
তার মতে, বয়স ও শারীরিক ধকল বিবেচনায় ধোনি যদি ১৬তম ওভারের পর ব্যাট করতে নামতেন এবং ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতেন, তাহলে কৌশলগতভাবে সিএসকে বাড়তি সুবিধা পেতে পারত।
এদিকে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে শিবম দুবে বোলিংয়ের সুযোগ পাচ্ছেন না, এমন অভিযোগও নাকচ করে দিয়েছেন বদ্রিনাথ। তার মতে, কোনো খেলোয়াড়কে বোলিংয়ে ব্যবহার করা হবে কি না, সেটি পুরোপুরি সিএসকে ম্যানেজমেন্ট ও নেতৃত্বের সিদ্ধান্ত।