আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির আকস্মিক অবসরের পর স্পেনের বিপক্ষে সেই ফাইনালটিই হয়ে থেকেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। এমন আকস্মিক বিদায় হয়তো ভক্তদের কল্পনাতেও ছিল না। তাই দেশের ইতিহাসের সর্বকালের সেরা এই তারকাকে যথাযথ সম্মান ও সংবর্ধনা দিয়ে মাঠ থেকে বিদায় জানাতে চায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আর্জেন্টিনার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের সঙ্গে মেসির অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হলেও যেন পুরোপুরি শেষ হচ্ছে না। আগামী ফিফা উইন্ডোতে একটি বিশেষ প্রীতি ম্যাচ আয়োজন করে মেসিকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিতে চাইছে এএফএ।
তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মেসি নিজে ঘরের মাঠে আরেকটি ম্যাচ খেলতে রাজি হবেন কি না, তা নিশ্চিত হওয়ার পরই চূড়ান্ত পদক্ষেপ নেবে ফেডারেশন। পরিকল্পনাটি বাস্তবে রূপ নিলে লাখো সমর্থকের সামনে ঘরের মাঠে প্রিয় তারকাকে শেষবারের মতো বিদায় জানানোর সুযোগ পাবেন আর্জেন্টাইনরা।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলা ফিফা উইন্ডোতে দুই থেকে তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আলবিসেলেস্তেরা। কোনো কোনো গণমাধ্যমের দাবি, ম্যাচের সংখ্যা চারটিও হতে পারে। তবে প্রতিপক্ষ দল, নির্দিষ্ট দিনতারিখ কিংবা ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
সংবাদমাধ্যম “তোদো নোতিসিয়াস” এর সাংবাদিক পাবলো গ্রাভেলোনের বরাত অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে ঘরের মাঠেই আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি খেলতে পারেন মেসি। এই ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে বুয়েন্স আয়ার্সের বিখ্যাত এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামের কথা শোনা যাচ্ছে। এছাড়া মেসির জন্মশহর রোজারিওতেও ম্যাচ আয়োজনের গুঞ্জন থাকলেও সেই সম্ভাবনা তুলনামূলক কম।
টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার সাংবাদিক ম্যাক্সিমিলিয়ানো গ্রিলোর বরাতে জানা গেছে, সেপ্টেম্বরে দুই থেকে তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, যেগুলো বুয়েন্স আয়ার্স, কর্দোবা বা রোজারিওর মতো ভেন্যুতে হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
যেহেতু এএফএর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তাই পুরো পরিকল্পনাটি আপাতত গুঞ্জন হিসেবেই রয়ে গেছে। সবচেয়ে বড় শর্ত হলো, এএফএকে সবার আগে সরাসরি মেসির সঙ্গে আলোচনা করতে হবে এবং জানতে হবে তিনি নিজে এই বিদায়ী আয়োজনে মাঠে নামতে ইচ্ছুক কি না।