ফুটবল ইতিহাসে প্রথমবার একই জার্সিতে দেখা যেতে পারে মেসি ও রোনালদোকে

ফুটবল ইতিহাসে বহুবার একে অপরের প্রতিপক্ষ হয়ে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু কখনো একই দলের জার্সিতে দেখা যায়নি তাদের। কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে এবার সেই বিরল দৃশ্য দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসের এক প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বরে তেভেজের বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা নিয়ে বোকা জুনিয়র্স কর্তৃপক্ষের সঙ্গে একাধিক দফা বৈঠক করেছেন সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। দীর্ঘ ক্যারিয়ারে যাদের সঙ্গে খেলেছেন, তাদের অনেককেই এই ম্যাচে আমন্ত্রণ জানানোর ইচ্ছা তার। সেই তালিকায় থাকতে পারেন মেসি ও রোনালদোও।

ওয়েস্ট হ্যাম, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, বোকা জুনিয়র্স ও আর্জেন্টিনা জাতীয় দল মিলিয়ে বিভিন্ন সময়ে তেভেজের সতীর্থ হিসেবে খেলেছেন প্রায় ৬০ জন ফুটবলার। তাদের অনেককে নিয়ে একটি বিশেষ প্রীতি ম্যাচ আয়োজনের ইচ্ছা তেভেজের, যেখানে মেসি ও রোনালদোকে একই দলে খেলানোরও পরিকল্পনা রয়েছে তার।

একই প্রজন্মের সর্বকালের সেরা দুই ফুটবলার হিসেবে বিবেচিত মেসি-রোনালদো দীর্ঘদিন ধরে বিশ্ব ফুটবল শাসন করলেও, ক্লাব বা আন্তর্জাতিক ফুটবলে তাদের একসঙ্গে এক দলে খেলার সুযোগ কখনো আসেনি। তেভেজের পরিকল্পনা বাস্তবে রূপ নিলে তা হয়ে উঠবে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ও ব্যতিক্রমী এক মুহূর্ত।

২০২২ সালের জুনে পেশাদার ফুটবল থেকে অবসর নেন তেভেজ। চীনে সংক্ষিপ্ত সময় কাটিয়ে বোকা জুনিয়র্সে ফিরে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন তিনি। ক্যারিয়ারে ২৭৯ ম্যাচে ৯৪ গোল করার পাশাপাশি জিতেছেন ১১টি শিরোপা। অবসরের পর কোচিং পেশায় যুক্ত হয়ে রোসারিও সেন্ট্রাল, ইন্ডিপেন্ডিয়েন্তে ও তায়েরেস কর্দোবার মতো ক্লাবের দায়িত্বও সামলেছেন তিনি।

তেভেজের বিদায়ী ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে বোকা জুনিয়র্সের ঐতিহাসিক মাঠ লা বোম্বোনেরার কথা ভাবা হচ্ছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও বিকল্প হিসেবে ১৮ ও ১৯ ডিসেম্বরের তারিখও বিবেচনায় রাখা হয়েছে। তবে আর্জেন্টিনার পেশাদার লিগের সূচির সঙ্গে সংঘাত হলে বোকা জুনিয়র্সের নিজস্ব ম্যাচের কারণে তেভেজের বিদায়ী আয়োজনের দিনক্ষণ পরিবর্তন হতে পারে।