আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এক আবেগঘন অধ্যায়ের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়া লিওনেল মেসি শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন। আগামী ৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আলবিসেলেস্তাদের হয়ে শেষবারের মতো বল পায়ে নামবেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া এই মহাতারকা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আর্জেন্টিনার ক্রীড়া মাধ্যম ‘টিএনটি স্পোর্টস’-এর প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার মেসির বিদায়ী ম্যাচের ৮৫ হাজার ১৮টি টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করার মাত্র দুই ঘণ্টারও কম সময়ে সব টিকিট শেষ হয়ে যায়।
প্রতিবেদনে বলা হয়, বুয়েন্স আয়ার্সের স্থানীয় সময় রাত ৮টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ঐতিহাসিক ম্যাচের জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছিল ৯০ হাজার থেকে প্রায় ৫ লাখ আর্জেন্টাইন পেসো। আকাশচুম্বী দাম ও ব্যাপক চাহিদা সত্ত্বেও আর্জেন্টিনার দর্শকরা প্রিয় তারকাকে মাঠ থেকে বিদায় জানানোর শেষ সুযোগ হাতছাড়া করতে চাননি।
ম্যাচটিতে মেসি বিশেষ নকশার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন, যেখানে তাঁর নাম ও বিশ্বখ্যাত '১০' নম্বর লেখা থাকবে সোনালি অক্ষরে। ওই আইকনিক ১০ নম্বর জার্সির ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়েছে, “শেষ একটি ম্যাচ। সারাজীবনের জন্য একটি জার্সি।”