জাপানের নাগোয়ায় টানা বৃষ্টির কারণে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের আগামীকালের নির্ধারিত অনুশীলন সেশন বাতিল করা হয়েছে। শনিবার দিনভর বৃষ্টি হওয়ায় রোববার সকালে মাঠে অনুশীলন করা সম্ভব হবে না বলে জানিয়েছে গেমস কর্তৃপক্ষ। এর আগে বৃষ্টির কারণে বাংলাদেশ নারী ক্রিকেট দলও নাগোয়ায় প্রথম কয়েকদিন অনুশীলন করতে পারেনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, "কাল সকালে প্র্যাকটিসের সূচি ছিল। কিন্তু গেমস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির জন্য আগামীকাল সকালে মাঠে অনুশীলন করা যাবে না। দিনের কোন সময় করা যাবে সেটা তারা আজ রাতে জানাবে।"
গতকাল রাতে নাগোয়ায় পৌঁছেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে দুবাইয়ে সিরিজ খেলে আসা দলের আট ক্রিকেটার দুবাই থেকে ওসাকায় পৌঁছান। পরে ওসাকা থেকে বাসে করে তারা নাগোয়ায় আসেন। দলের বাকি ক্রিকেটাররা জাপানের এই শহরে সরাসরি পৌঁছেছেন।
নাগোয়ায় পৌঁছানোর পর শনিবার দিনটি বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। গেমস কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় হোটেলে দলের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। আরচ্যারি দলের আবাসন নিয়ে কিছুটা সমস্যা হলেও ক্রিকেট দলের ক্ষেত্রে এমন কোনো সমস্যা হয়নি।
আট ক্রিকেটার ওয়েলকাম সেন্টারে বাংলাদেশি খাবার খান। পরে শেফ দ্য মিশনের সঙ্গে হোটেলে যান ফিল সিমন্সের দল।
আগামীকালের অনুশীলন দিনের কোন সময়ে আয়োজন করা যাবে, সে বিষয়ে শনিবার রাতে গেমস কর্তৃপক্ষ সিদ্ধান্ত জানাবে।