সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম হিসেবে স্বীকৃতি পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ২০০৮ সালের পারফরম্যান্স। তবে ফ্রান্স ফুটবলের আয়োজিত এই ভোটের ফলাফল ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, ভোট দিতে অর্থ খরচ করতে হয়েছে সমর্থকদের। একই ব্যক্তি একাধিকবার ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় ফলাফলের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে।
ফ্রান্স ফুটবল আয়োজিত ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ বা বিওএটি ভোটে লিওনেল মেসির ২০১২ সালের পারফরম্যান্সকে পেছনে ফেলেছে রোনালদোর ২০০৮ সালের মৌসুম।
২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান রোনালদো। তার নৈপুণ্যে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে ইংলিশ ক্লাবটি। ওই বছরই ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জেতেন পর্তুগিজ এই তারকা।
তবে ভোটের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিটি ভোট দিতে খরচ হয়েছে এক ইউরো। একই ব্যক্তি একাধিকবার ভোট দিতে পারায় ফলাফল কতটা নিরপেক্ষ, তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫ হাজার ৯ জন একাধিকবার ভোট দিয়েছেন। তাদের মধ্যে ৪ হাজার ৬৬৫ জন দুই থেকে চারবার, ৩০০ জন পাঁচ থেকে নয়বার এবং ৪৪ জন ১০ থেকে ২৬ বার পর্যন্ত ভোট দিয়েছেন।
এ পরিস্থিতিতে মেসির সমর্থকদের একাংশ মনে করছেন, এই ভোটের ফল দিয়ে দুই তারকার পারফরম্যান্সের যথার্থ তুলনা করা কঠিন। ২০১২ সালে মেসি এক পঞ্জিকাবর্ষে ৯১ গোল করেছিলেন, যা ফুটবল ইতিহাসে তার অন্যতম স্মরণীয় কীর্তি হিসেবে বিবেচিত হয়।