আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এশিয়ান কাপ। সৌদি আরবে আগামী বছরের জানুয়ারিতে টুর্নামেন্টটি হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী, তা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত।
আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে নতুন তারিখ চূড়ান্ত করতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদন প্রয়োজন হবে। অনুমোদনের জন্য নতুন সূচি ফিফার কাছে পাঠানো হবে বলে জানিয়েছে এএফসি।
প্রথমবারের মতো এশিয়ান কাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। ২০৩৪ সালের বিশ্বকাপেরও আয়োজকও তারা। এশিয়ান কাপের জন্য নির্ধারিত আটটি স্টেডিয়ামের মধ্যে পাঁচটিই অবস্থিত রিয়াদে। কিং ফাহদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ফাইনালসহ টুর্নামেন্টের ৫১ ম্যাচের মধ্যে ৩০টি হওয়ার কথা এই শহরে।
এর আগে, এই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে বিমানবন্দরে ১১ দিনে অন্তত ২০ হামলায় ১৭ জন নিহত ও তিনশর বেশি মানুষ আহত হয়েছে বলে খবর এসেছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এএফসি জানায়, অঞ্চলটির বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতিতে লজিস্টিক জটিলতা ও ভ্রমণ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বিবেচনায় নিয়ে এশিয়ান কাপের আয়োজক কমিটি টুর্নামেন্টের সূচি পুনর্নির্ধারণের অনুমোদন দিয়েছে। নতুন তারিখগুলো অনুমোদনের জন্য ফিফার কাছে উপস্থাপন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে সংস্থাটি এক ব্যতিক্রমী পরিস্থিতির মুখোমুখি হয়েছে। অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক ও সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় টুর্নামেন্টটি স্থগিত করা জরুরি হয়ে পড়েছিল।