আইপিএলে ফিরতে প্রস্তুত মোস্তাফিজ, এবার কি মিলবে দল?

গত বছরের তুলকালাম কাণ্ডের পর আবারও আইপিএলে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের। আইপিএলের আগামী মৌসুমের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন তিনি। সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

গত বছর নিলাম থেকে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত তাকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। ঘটনার রেশ আরও দূর গড়ায়। নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্টেই খেলতে যায়নি বাংলাদেশ। এরপর থেকেই প্রশ্ন ছিল, মোস্তাফিজকে কি আর কখনো আইপিএলে দেখা যাবে?

সাকিব আল হাসানের পর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সবচেয়ে পরিচিত মুখ মোস্তাফিজ। পাঁচটি আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯ মৌসুম খেলেছেন তিনি। ২০১৬ সালে অভিষেকেই জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। আইপিএলের ইতিহাসে এই পুরস্কার জেতা একমাত্র বিদেশি ক্রিকেটার তিনি। এ পর্যন্ত ৬০ ম্যাচ খেলে ওভারপ্রতি ৮.১৩ রান দিয়ে নিয়েছেন ৬০ উইকেট।

মোস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার নিলামে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, সব মিলিয়ে ৬ থেকে ৭ জন বাংলাদেশি নিবন্ধন করেছেন। তাদের মধ্যে আছেন পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। ১৭ নভেম্বর পর্যন্ত নিলামের জন্য নাম নিবন্ধন করা যাবে।

আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় বসবে আইপিএলের মিনি নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলো ধরে রাখা খেলোয়াড়দের সঙ্গে নতুন ক্রিকেটার যুক্ত করে দল সাজাবে। তবে মেগা নিলামের মতো পুরো দল নতুন করে সাজানোর সুযোগ এবার নেই। প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় ছেড়ে দিয়ে বা ধরে রেখেই নিলামে অংশ নেবে দলগুলো।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ ও কমপক্ষে ১৮ জন খেলোয়াড় রাখা যাবে। বিদেশি খেলোয়াড় থাকতে পারবেন সর্বোচ্চ আটজন। ২০২৭ মৌসুমের জন্য প্রতিটি দলের মোট খরচের সীমা ১৫৭ কোটি রুপি। নিলামে প্রতিটি দলের হাতে কত টাকা থাকবে, তা এখনই চূড়ান্ত নয়। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষ হলেই জানা যাবে অবশিষ্ট অর্থের পরিমাণ।