আগামী আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে দেখা যাচ্ছে না। কয়েক দিন ধরে তার নাম থাকার গুঞ্জন চললেও শেষ পর্যন্ত নিলামের প্রাথমিক তালিকায় নেই বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
ক্রিকেট পোর্টাল ক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছে, ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে যে তালিকা পাঠানো হয়েছে, তাতে মোস্তাফিজের নাম নেই।
তবে নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।
এ বছরের শুরুতে মোস্তাফিজকে নিয়ে আইপিএলে বড় আলোচনা তৈরি হয়েছিল। নিলাম থেকে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত বাংলাদেশি এই পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। ওই ঘটনার রেশ আরও দূর গড়ায়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি দলটি।
এবারের নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। এদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য বরাদ্দ ২৫টি জায়গা।