মেসির পরীক্ষার মার্কশিট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির শৈশবের একটি নম্বরপত্র। কীভাবে ছবিটি প্রকাশ্যে এল তা জানা না গেলেও নম্বরপত্রটির বিষয়বস্তু নিয়ে বেশ আলোচনা চলছে। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ফুটবল নয়, বরং মেসির স্কুলজীবনের পড়াশোনা।

১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিওর ৬৬ নম্বর ‘জেনারেল লাস হেরাস’ স্কুলে পড়তেন মেসি। সপ্তম শ্রেণিতে পড়াকালীন তার সেই নম্বরপত্রের ছবিই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে; তবে এটি কোন পরীক্ষার নম্বরপত্র, তা নিশ্চিত হওয়া যায়নি।

তখন শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে খেলতেন মেসি। স্বাভাবিকভাবেই দিনের বড় একটি সময় কাটত ফুটবল নিয়ে। ভাইরাল হওয়া নম্বরপত্রটিতে শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে পুরো ১০ পেয়েছেন তিনি। এ ছাড়া শিল্প ও সংগীতে ৮ এবং ‘নৈতিকতা ও নাগরিক শিক্ষা’ বা পৌরনীতিতে ৭ পেয়েছেন। গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তি- এই বিষয়গুলোর প্রতিটিতে তার নম্বর ৬।

লিওনেল মেসির শৈশবের একটি নম্বরপত্র

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, নম্বরপত্রে মেসির একাডেমিক ফলাফলে গড়পড়তা চিত্র দেখা গেলেও তার শিক্ষকেরা বরাবরই খেলাধুলায় তার বিশেষ প্রতিভার কথা উল্লেখ করতেন। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিত শিক্ষক ছিলেন আন্দ্রেয়া সোসা। আগে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে দেওয়া এক সাক্ষাৎকারে সোসা বলেছিলেন, মেসি ছিল খুব শান্ত ও লাজুক স্বভাবের ছেলে, তাই ক্লাসের কার্যক্রমে খুব একটা অংশ নিত না; কিন্তু খেলার মাঠে গেলে পুরোপুরি বদলে যেত এবং তখনই তার আসল রূপ দেখা যেত।

স্কুলটির সহকারী প্রধান শিক্ষক ও প্রথম শ্রেণির শিক্ষক মনিকা দোমিনাও মেসির শান্ত স্বভাব ও ফুটবলের প্রতি টানের কথা তুলে ধরেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, লাজুক হলেও মেসির অনেক বন্ধু ছিল এবং সবাই তার সঙ্গে খেলতে চাইত; ক্লাস শেষ হতেই সবার আগে দৌড়ে মাঠে পৌঁছানোর প্রতিযোগিতা চলত তাদের মধ্যে।

মেসি নিজেও অতীতে স্বীকার করেছেন যে পড়াশোনা তার কখনোই সবচেয়ে পছন্দের বিষয় ছিল না। রোজারিওর শৈশব স্মরণ করে তিনি বলেছিলেন, তিনি কখনোই ভালো ছাত্র ছিলেন না এবং বাড়ির খুব কাছেই স্কুল থাকা সত্ত্বেও প্রায়ই দেরি করে যেতেন। বার্সেলোনায় যাওয়ার পরও তার ছাত্রজীবনে বড় কোনো পরিবর্তন আসেনি; ক্লাসে আনন্দ করলেও পড়াশোনা তার কাছে অগ্রাধিকারের তালিকায় ছিল না বলে জানিয়েছিলেন তিনি।

বর্তমানে ৩৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন বিশ্বকাপজয়ী এই তারকা। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতলেও শৈশবের স্কুল ভোলেননি মেসি। তারকা হয়ে ওঠার পর একাধিকবার লাস হেরাস স্কুলে গেছেন এবং অনুদান দিয়েছেন। তার সহায়তায় স্কুলটি কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম পেয়েছে, পাশাপাশি সংস্কার করা হয়েছে খেলার মাঠের বেঞ্চগুলোও। পুরোনো নিউজলেটার আবার সামনে আসায় মেসির স্কুলজীবনের স্মৃতিগুলো নতুন করে আলোচনায় এসেছে।