অচিরেই জিদানের শিষ্যত্ব পাচ্ছেন মেসি-নেইমাররা?

২০২১ সালে রিয়াল মাদ্রিদ দায়িত্ব ছাড়ার পর জিনেদিন জিদান এখন পর্যন্ত কোচিং থেকে দূরে আছেন। অন্যদিকে, পিএসজির কোচ হিসেবে মরিসিও পচেত্তিনোর আসনও অনেকদিন ধরেই টলায়মান। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই জিদানকে পিএসজির ডাগআউটে দেখতে পাচ্ছিলেন।

যদিও জিদান নিজে শুরুতে পিএসজির কোচ হতে আগ্রহী ছিলেন না। তবে সামনের কিছুদিনে পরিস্থিতি বদলে যেতে পারে। ব্লেচার রিপোর্টসহ বিভিন্ন ইউরোপীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিএসজির পরবর্তী কোচ হওয়ার দ্বারপ্রান্তে এই জীবন্ত ফরাসি কিংবদন্তি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভোর এক প্রতিবেদনে বলা হয়, পিএসজির কোচ হিসেবে পাকাপাকিভাবে দায়িত্ব নিতে ও চুক্তি সম্পন্ন করতে ইতোমধ্যে কাতারে পৌঁছে গেছেন জিনেদিন জিদান।

প্রসঙ্গত, বর্তমানে পিএসজির মালিকানায় রয়েছে মধ্যপ্রাচ্যের দেশটির কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট নামের একটি কাতারভিত্তিক কনসোর্টিয়াম।

দুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোনও জিদানকে ফরাসি কোনো ক্লাবের কোচ হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বুধবার (৮ জন) আরএমসি স্পোর্টকে ম্যাক্রোন বলেন, কোচ এবং খেলোয়াড় দুই ভূমিকাতেই জিদানের প্রতি আমার মুগ্ধতা রয়েছে। সে রিয়াল মাদ্রিদকে ৩টি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছে, যা ফ্রান্সের কোনো ক্লাবের জন্য খুবই প্রয়োজনীয়। আমি চাইবো, ফ্রান্স ও লিগ ওয়ানের স্বার্থে জিদান ফ্রান্সে ফিরে আসবে এবং কোনো এক বড় ফরাসি ক্লাবের দায়িত্ব নেবে। 

বলে রাখা ভালো, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে জোর গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত পিএসজিতেই ২০২৫ সাল পর্যন্ত থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ সংবাদমাধম মার্কার এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ম্যাক্রোন এমবাপ্পেকে ফ্রান্সেই থেকে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

সদ্য শেষ হওয়া ২০২১-২২ মৌসুমে লিগ ওয়ান জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজি হতাশাজনকভাবে শেষ ষোলো থেকে বিদায় নেয়। এরপর অনেকদিন ধরেই কোচ মরিসিও পচেত্তিনোর বিদায় নিয়ে গুঞ্জনও চলছে। যদিও আর্জেন্টাইন কোচ বারবার বলেছেন, পরের মৌসুমেও তিনিই পিএসজির ডাগআউটে থাকবেন।