সমকামিতার প্রতি সমর্থন জানিয়ে কাতার বিশ্বকাপে ইউরোপের সাত দেশের অধিনায়করা বিশেষ ওয়ান লাভ আর্মব্যান্ড পরে মাঠে নামতে চেয়েছিলেন। তবে আয়োজক কাতারের সমকামিতা নিষিদ্ধ হওয়ায় ওয়ান লাভ আর্মব্যান্ড পরার সাপেক্ষে শাস্তির বিধান রেখেছিল ফিফা।
শেষ পর্যন্ত শাস্তির কথা মাথায় রেখে দলীয় অধিনায়কদের ওয়ান লাভ আর্মব্যান্ড পরা থেকে বিরত থাকতে বলে ওই সাত দেশের ফুটবল ফেডারেশন। ওই সাত দেশের তালিকায় ছিল জার্মানি। জার্মান অধিনায়ক ম্যানুয়েল নয়্যার ওয়ান লাভ আর্মব্যান্ড পরে মাঠে না নামলেও অভিনব উপায়ে ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানালো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বুধবার (২৩ নভেম্বর) কাতারের রাজধানী দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে ই গ্রুপের ম্যাচে মাঠে নামে জার্মানি। ম্যাচের দলীয় ফটোসেশনে জার্মানির সব খেলোয়াড়ই হাত দিয়ে মুখ ঢেকে ছবি তোলেন। পরবর্তীতে সেই ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়।
এর আগে, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও ইরানের বিপক্ষে ম্যাচে ওয়ান লাভ আর্মব্যান্ড পরে মাঠে নামতে চেয়েছিলেন। যদিও পরবর্তীতে ফিফার শাস্তির কথা মাথায় রেখে ফুটবলের অভিভাবক সংস্থার নির্ধারিত আর্মব্যান্ড পরেই মাঠে নামেন ইংলিশ স্ট্রাইকার।