কাতার বিশ্বকাপের নকআউট পর্বে চলে গেছে ১০টি দেশ। বিদায় নিয়েছে নয়টি দেশ। আশা টিকিয়ে রেখেছে ১৩টি দেশ।
ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স-সহ দশটি দেশ ইতিমধ্যে পরবর্তী পর্বে উঠে গেছে। নকআউট পর্বে উঠে গেছে- পর্তুগাল, ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, সেনেগাল, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পোল্যান্ড।
নকআউট পর্বে আর্জেন্টিনা খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে। আগামী শনিবার এই ম্যাচ হবে। আর রবিবার ফ্রান্স খেলবে পোল্য়ান্ডের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে পৌঁছবে মেসির আর্জেন্টিনা ও এম্বাপের ফ্রান্স।
এদিকে, আর্জেন্টিনার বিপক্ষে বুধবারের ম্যাচে পোল্যান্ড যেমনটা খেলেছে তাতে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে তাদের অবস্থা কেমন হতে পারে তা আঁচ করা যায়। ম্যাচটি আর্জেন্টিনা কর্তৃত্ব দেখিয়েই জিতেছে। পাত্তাই পায়নি রবার্ট লেভানডফস্কির দল। মেসির পেনাল্টি মিস ছাড়াও আরও অন্তত তিনটি গোল হতে পারত আর্জেন্টিনার। সব মিলিয়ে ম্যাচে গোল পোস্টেই কেবল ১২টি শন নিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। লক্ষ্যভ্রষ্ট সাতটি আক্রমণের কথা তো বাদই। বিপরীতে লেভারা গোলে একটি শটও নিতে পারেননি। তবে হতাশার হারের পরও মেক্সিকোর সমান পয়েন্ট নিয়ে পোল্যান্ড গোল ব্যবধানে শেষ ষোলোয় চলে গেছে।
এখন কোয়ার্টার ফাইনালে যেতে চাইলে এম্বাপে, জিরু, গ্রিজম্যান, চুয়ামেনিদের ফ্রান্সকে হারাতে হবে পোল্যান্ডকে। আর্জেন্টিনার বিপক্ষে নিষ্ক্রিয় হয়ে পড়া মিডফিল্ড দিয়ে তা কতখানি সম্ভব উত্তর সম্ভবত লেভারাই ভালো জানেন।