তসলিমা নাসরিন: ওই পেনাল্টি মেসি মিস করেছেন, আমি করতাম না

চলমান কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির সৌদি আরবের কাছে হেরে নক আউট পর্বে ওঠা কিছুটা কঠিন করে ফেলে আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত “সি” গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।

বুধবার (১ ডিসেম্বর) রাতে কাতারের আবু দাহুদ স্টেডিয়ামে গ্রুপপর্বের শেষ ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে জিতে নকআউট পর্ব নিশ্চিত করে লিওনেল স্কালোনির শিষ্যরা।

তবে এই ম্যাচটি জিতলেও আলোচনায় প্রথমার্ধে পেনাল্টি থেকে লিওনেল মেসির গোল বঞ্চিত হওয়ার ঘটনা।

এ দিন ম্যাচের শুরু থেকেই পোলিশদের ওপর সাঁড়াশি আক্রমণে ঝাপিঁয়ে পড়ে ল্যাটিন পরাশক্তিরা।

প্রথমার্ধটাকে লিওনেল মেসি এবং শেজনির মধ্যকার মুখোমুখি লড়াই বললেও ভুল হবে না। ম্যাচের ১০ মিনিটের মাঝেই দুবার পোলিশ গোলরক্ষকের পরীক্ষা নেন মেসি। ষষ্ঠ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির শট তালুবন্দি করতে সমস্যা না হলেও দশম মিনিটে ডি-বক্সের বাঁ দিক থেকে আর্জেন্টিনা অধিনায়কের নেওয়া জোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন শেজনি।

ম্যাচের ৩৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। তবে জুলিয়ান আলভারেজের জোরালো শট বাঁ হাতে আটকে আবারও পোল্যান্ডের ত্রাতা হন শেজনি। যদিও ওই আক্রমণ থেকে ফিরতি ক্রস বিপদমুক্ত করতে গিয়ে উল্টো মেসিকে ফাউল করে আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেন পোলিশ গোলপ্রহরী।

তবে সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। তার নেওয়া বাম পায়ের পেনাল্টি বাঁ দিকে ঝাপিঁয়ে পড়ে ঠেকিয়ে দেন শেজনি।

এদিকে, পেনাল্টি থেকে গোল করতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচা মেরে কথা বলেছেন অনেকেই। এ তালিকায় যুক্ত হয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। 

ফেসবুকে তিনি লিখেছেন, “মনে হচ্ছে ওই পেনাল্টি কিকগুলো আমি হলেও মিস করতাম না। কিন্তু মিস করলেন মেসি। পুরোই মেস। কোনও মানে হয়? বিশ্বকাপে তিনটে পেনাল্টি কিকের মধ্যে দুটোই মিস করলেন মেসি। আর এঁকে নিয়ে লোকের ম্যাডনেসের সীমা নেই। শুনেছি খেলতে গিয়ে এ পর্যন্ত ২৯টা নাকি ৩১টা পেনাল্টি উনি মিস করেছেন। উফ! ভাবা যায়?”

তার এই পোস্টে পক্ষে বিপক্ষে নানা মন্তব্য করছেন ফেসবুকে তসলিমা নাসরিনের অনুসারীরা।