মাঠের নান্দনিকতা আর অসামান্য অর্জন দিয়ে ফুটবল ইতিহাসে লিওনেল মেসি অনেক আগেই অমরত্ব নিশ্চিত করে ফেলেছেন। অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর মাধ্যমে প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ছায়া থেকেও বেরিয়ে এসেছেন মেসি। ৩৫ বছর বয়সী এ আর্জেন্টাইন ফরোয়ার্ড এবার বসতে যাচ্ছেন পেলে-ম্যারাডোনার পাশেই।
নিজেদের জাদুঘরে রাখার জন্য লিওনেল মেসির ভাস্কর্য তৈরি করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল)। কনমেবলের জাদুঘরে পেলে ও ডিয়েগো ম্যারাডোনার ভাস্কর্যের পাশেই বসবে মেসির ভাস্কর্যটি।
সোমবার (২৭ মার্চ) প্যারাগুয়েতে অনুষ্ঠিত হয়েছে কোপা লিবার্তাদোরেসের ড্র। সেখানেই কনমেবলের জাদুঘরে পেলে-ম্যারাডোনার ভাস্কর্যের পাশে মেসির ভাস্কর্যটি বসানোর কথা ঘোষণা করা হয়। শুধু তাই না, আর্জেন্টিনা অধিনায়ককে বিশ্ব ফুটবলের শাসক হিসেবে ঘোষণা দিয়েছেন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিঙ্গেজ।
মেসির হাতে ফুটবলের ব্যাটন তুলে দিয়ে কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিঙ্গেজ বলেন, “ল্যাটিন আমেরিকা ও বিশ্ব ফুটবলের নামে আজ তোমার হাতে বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তুলে দিলাম।”
তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দিয়ে আর্জেন্টিনায় জাতীয় বীর বনে গেছেন মেসি। দুই দিন আগেই দেশের তৃতীয় বিশ্বকাপজয়ী অধিনায়কের নামে জাতীয় দলের অনুশীলন কেন্দ্রের নামকরণ করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (এএফএ)।
একদিনের ব্যবধানে ল্যাটিন আমেরিকান ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবলের কাছ থেকে এমন বিশেষ সম্মাননা পেয়ে লিওনেল মেসি দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, “এটা আসলেই অনেক বড় অর্জন। আমি কখনও এমন কিছু পাওয়ার কথা ভাবিনি।”
আর্জেন্টিনা অধিনায়ক আরও বলেন, “ছোটবেলায় যা পছন্দ করতাম সেটি উপভোগ করা এবং বড় হয়ে একজন পেশাদার ফুটবলার হওয়াই আমার স্বপ্ন ছিল। স্বপ্নপূরণের পথটা অনেক দীর্ঘ ছিল; সেই যাত্রায় অনেক বাধা-বিপত্তিও ছিল। কিন্তু সাফল্যের জন্য আমি সর্বদা সামনে তাকাতাম। আমার ধারণা, স্বপ্নপূরণের জন্য লড়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
চলমান আন্তর্জাতিক বিরতিতে কাতার বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো মাঠে নেমেছিল আর্জেন্টিনা। বৃহস্পতিবার ঘরের মাঠে পানামাকে ২-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচের শেষদিকে ফ্রি-কিক থেকে দলের পক্ষে দ্বিতীয় গোল করে পেশাদার ক্যারিয়ারে ৮০০তম গোলের দেখা পান মেসি।
চলমান আন্তর্জাতিক বিরতিতে আগামী ২৮ মার্চ ঘরের মাঠে আরেকটি প্রীতি ম্যাচে কুরাকাওয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচেও আরও একটি কীর্তি হাতছানি দিয়ে ডাকছে মেসিকে। ২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ৯৯টি গোল করেছেন মেসি।
মেসি ইতোমধ্যে আলবিসেলেস্তেদের ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। আর মাত্র এক গোল করতে পারলে প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে শততম গোলের মাইলফলক স্পর্শ করবেন ৩৫ বছর বয়সী এ ফরোয়ার্ড।