আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে একাদশবারের মতো পাঁচ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। আইরিশদের বিপক্ষে ফাইফারের পর এ বাহাঁতি স্পিনার জানালেন, ক্যারিয়ার শেষে তার লক্ষ্য ৫০০ থেকে ৬০০ উইকেট শিকার করা।
তাইজুলের ঘূর্ণিতে মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনে আয়ারল্যান্ডকে ২১৪ রানে বেঁধে ফেলেছে বাংলাদেশ। ২৮ ওভার বোলিং করে ১০ মেডেনসহ মাত্র ৫৮ রানের খরচায় পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সফলতম বোলার ছিলেন ৩১ বছর বয়সী এ স্পিনার।
আইরিশদের বিপক্ষে টেস্টের প্রথম দিন শেষে গণমাধ্যমকর্মীদের তাইজুল বলেন, “ক্যারিয়ারের শেষে আমার লক্ষ্য নামের পাশে ৫০০-৬০০ উইকেট রাখা। আমার বিশ্বাস, আমি এখনও আরও কয়েক বছর খেলার সুযোগ পাব।”
ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ২৩০ উইকেটের মালিক এ স্পিনার বলেন, “টেস্টের প্রথম ইনিংসে স্পিনার হিসেবে ৫ উইকেট শিকার করে অবশ্যই ভালো লাগছে। সত্যি বলতে এ ধরনের পিচে স্পিনারদের পক্ষে ৫ উইকেট নেওয়া আসলেও কঠিন।”
আয়ারল্যান্ডের ইনিংসের ৬৫ ওভার পেরিয়ে যাওয়ার বোলিংয়ে সাকিব বল হাতে নেন। টাইগার অধিনায়ক আক্রমণে আসতে আসতে তাইজুল ২২ ওভার বল করে ফেলেছেন। অফস্পিনার মেহেদী হাসান মিরাজও করেন ১৪ ওভার বল করে একটি উইকেট নেন।
দেরিতে সাকিবের বল হাতে নেওয়ার প্রসঙ্গে তাইজুল বলেন, “নির্দিষ্ট কোনো কারণ ছিল না। হয়তো আমাদের দিয়ে বোলিং করানোর ইচ্ছে ছিল। আমরা যদি বিপদে পড়তাম, উনি আক্রমণে আসতেন।”
তিনি আরও বলেন, “অধিনায়ক তো সবসময় দলের ভালো চাইবে। যখন দরকার হবে, তখন তিনি পরামর্শ দেবেন। মাঠের পরিস্থিতি তিনি অনেক ভালো জানেন। তিনি আমাদের ওপর আত্মবিশ্বাসী ছিলেন দেখে আমাদের দিয়ে বল করিয়েছেন।”
আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৮ উইকেট হাতে রেখে ১৮০ রান পিছিয়ে আছে বাংলাদেশ। শেশ সেশনে ১০ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে ৩৪ রান তুলে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা।
দিনের শেষ বলে বাঁহাতি ওপেনার তামিম ইকবালের উইকেট হারানোটা টাইগারদের কিছুটা অস্বস্তিতে ফেলেছে জানিয়ে তাইজুল বলেন, “এমন সময়ে উইকেটটা (তামিম) পড়েছে যে আমরা একটু ব্যাকফুটে। তবে এখান থেকে ঘুরে দাঁড়ানো যেতে পারে, সেটা জরুরি। যদি আমরা বড় লিড নিতে চাই, তাহলে একটা বড় জুটি লাগবে।”