প্রিমিয়ার লিগে আরও এক রেকর্ড ভাঙলেন হাল্যান্ড

আর্লিং হাল্যান্ড বিগত কয়েক মৌসুম ধরেই প্রতিপক্ষের জন্য বেশ ভয়ংকর একটি নাম। গোলমুখের সামনে ক্ষিপ্রতা, পজিশনিং সেন্স এবং নিখুঁত ফিনিশিং- সবকিছুর সমন্বয়ে এই ফরোয়ার্ড হয় উঠেছেন প্রতিপক্ষের দুশ্চিন্তা আর মাথাব্যথার কারণ। গত গ্রীষ্মকালীন দলবদলে বরুশিয়া ডর্টমুন্ড থেকে আর্লিং হাল্যান্ডকে দলে ভেড়ায় ম্যানচেস্টার সিটি। 

মলদে, রেড বুল সালজবার্গ, বরুশিয়া ডর্টমুন্ড ঘুরে ইংলিশ ক্লাবটির হয়েও হাল্যান্ড একই রকম দুর্বার। ম্যানসিটিতে যোগ দেওয়ার পর থেকেই গোলের ফোয়ারা ছুটিয়ে এ নরওয়েজিয়ান স্ট্রাইকার মেতে উঠেছেন রেকর্ড ভাঙা-গড়ার খেলায়। বুধবার (২৬ এপ্রিল) প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষেই যেমন আরও একটি রেকর্ড গড়েছেন হাল্যান্ড। 

ম্যাচে জোড়া গোল করা কেভিন ডি ব্রুইনের দুটি গোলেই সরাসরি ভূমিকা রাখেন ২২ বছর বয়সী এ ফরোয়ার্ড। ম্যাচের যোগ করা সময়ে গোলদাতার খাতায় নাম লেখান হাল্যান্ড নিজেও। গানারদের বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে জয়ের মাধ্যমে সর্বশেষ ছয় মৌসুমের মধ্যে ম্যানচেস্টার সিটি পঞ্চমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দিকে অনেকটাই এগিয়ে গেছে।

আর্সেনালের বিপক্ষে করা গোলের মাধ্যমে ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে লিভারপুলের মোহামেদ সালাহকে পেছনে ফেলেছেন আর্লিং হাল্যান্ড। ২০১৭-১৮ মৌসুমে অলরেডদের হয়ে নিজের অভিষেক মৌসুমে দারুণ ছন্দে থেকে ৩২ গোল করেছিলেন মিশরীয় উইঙ্গার। গানারদের বিপক্ষে গোল করে সেই রেকর্ড ভেঙে ফেলেছেন হাল্যান্ড। আর্লিং হাল্যান্ডের সামনে এখন প্রিমিয়ার লিগের আরও এক রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে।

১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসেল ইউনাইটেডের হয়ে অ্যান্ডি কোল এবং ১৯৯৪-৯৫ মৌসুমে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে অ্যালান শিয়ারার ৩৪ গোল করেন, যা কোনো খেলোয়াড়ের পক্ষে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। তখন অবশ্য মৌসুমে ৪২ ম্যাচ খেলা হতো। আরও ৭ ম্যাচ হাতে রেখে হাল্যান্ড যে অতিমানবীয় ফর্মে আছেন, তাতে তার নিজের গড়া রেকর্ড কোথায় গিয়ে থামে, তা বলা দুষ্কর।

২০২২-২৩ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪৯ গোল করেছেন আর্লিং হাল্যান্ড। এর মধ্যে প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ৩৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারেও এক হাত দিয়ে রেখেছেন তিনি। গোটা মৌসুমে এখন পর্যন্ত ৬টি হ্যাটট্রিক করেছেন এ নরওয়েজিয়ান স্ট্রাইকার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হাল্যান্ড এ মৌসুমে ৫৭টি গোলে যুক্ত আছেন, যা  ইউরোপের শীর্ষ ৫ লিগে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে ১৫ গোল বেশি।

ম্যানচেস্টার সিটিতে যোগদানের পর প্রথম মৌসুমেই ক্লাবের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার নতুন রেকর্ডও গড়েছেন হাল্যান্ড। সেই সঙ্গে প্রিমিয়ার লিগের ফুটবলার হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও বগলদাবা করেছেন এ ফরোয়ার্ড। ২২ বছর বয়সী এ স্ট্রাইকার যে সামনের দিনগুলোয় আরও অনেক রেকর্ড গড়বেন, তা সহজেই অনুমেয়।