রেকর্ড গড়া হাল্যান্ডকে ম্যানসিটির গার্ড অব অনার

ক্লাব পর্যায়ে মহাদেশীয় বা আন্তর্জাতিক শিরোপা জয়ের পর ইউরোপীয় দলগুলো ঘরোয়া লিগে গার্ড অব অনার পেয়ে থাকে। কিন্তু খুব কম খেলোয়াড়ই নিজের পেশাদার ক্যারিয়ারে গার্ড অব অনার পেয়েছেন। গুটিকয়েক খেলোয়াড়ের সেই ছোট্ট তালিকায় জায়গা করে নিলেন আর্লিং হাল্যান্ড। 

বুধবার (৩ মে) প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৩-১ ব্যবধানে জয়ের পথে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন হাল্যান্ড। এটি ছিল ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগে এ নরওয়েজিয়ান স্ট্রাইকারের ৩৫তম গোল। এর মাধ্যমে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়লেন হাল্যান্ড।

প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এতদিন ভাগাভাগি করছিলেন অ্যান্ডি কোল এবং অ্যালান শিয়ারার। ১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসেল ইউনাইটেডের হয়ে কোল এবং ১৯৯৪-৯৫ মৌসুমে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে শিয়ারার ৩৪ গোল করে এ রেকর্ড গড়েন। তখন অবশ্য মৌসুমে ৪২ ম্যাচ খেলা হতো। কোল এবং শিয়ারারের রেকর্ড হাল্যান্ড গুঁড়িয়ে দিয়েছেন ৩৩ ম্যাচ খেলেই।

আর্লিং হাল্যান্ডের রেকর্ডটি যে তাই বিশেষ কিছুই, সেটি জানা ছিল ম্যানচেস্টার সিটিরও। ওয়েস্ট হামের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে জয়ের পর মাঠ ছেড়ে যাওয়ার সময় ২২ বছর বয়সী নরওয়েজিয়ান স্ট্রাইকারকে গার্ড অব অনার দেয় সিটিজেনরা। কোচ পেপ গার্দিওলাসহ কোচিং স্টাফের সব সদস্য ও খেলোয়াড়রা দুই পাশে দাঁড়িয়ে হাল্যান্ডকে পিঠ চাপড়ে অভিনন্দন জানান।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে নিজের অর্জনের জন্য গর্ব প্রকাশ করে হাল্যান্ড বলেন, “এটা আমার জন্য বিশেষ রাত এবং মুহূর্ত। আমি খুবই খুশি এবং গর্বিত। অবশ্যই আমি এ ব্যাপারে জানতাম। গার্ড অব অনারের সময় সবাই যেভাবে পিঠ চাপড়াচ্ছিল, ব্যথাও লেগেছে।”

আর্লিং হাল্যান্ডের প্রশংসায় পেপ গার্দিওলা বরাবরই পঞ্চমুখ। নতুন রেকর্ডের পর আবারও শিষ্যের প্রশস্তি গেয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ। হাল্যান্ডকে ব্যতিক্রমী এবং বিশেষ ফুটবলার উল্লেখ করে এ স্প্যানিশ কোচ বলেন, “সে (হাল্যান্ড) যেভাবে এত গোল করেছে এবং যত গুরুত্বপূর্ণ গোল করে আমাদের জিতিয়েছে, সেটা রীতিমতো অবিশ্বাস্য। এমন জিনিসের জন্যই সে বিশেষ ব্যক্তি।”

তিনি আরও বলেন, “এটা (গার্ড অব অনার) ওর প্রাপ্য ছিল। তার অসামান্য অর্জনের কারণেই আমরা তাকে গার্ড অব অনার দিয়েছি। একদিন সে কিংবা অন্য কেউ প্রিম্যার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও ভেঙে দেবে। কিন্তু যেই ভাঙুক, তাকে অনেক গোল করতে হবে।”

মলদে, রেড বুল সালজবার্গ, বরুশিয়া ডর্টমুন্ড ঘুরে গত গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান আর্লিং হাল্যান্ড। দল পাল্টালেও হাল্যান্ড একই রকম দুর্বার। ম্যানসিটিতে যোগ দেওয়ার পর থেকেই গোলের ফোয়ারা ছুটিয়ে এ নরওয়েজিয়ান স্ট্রাইকার মেতে উঠেছেন রেকর্ড ভাঙা-গড়ার খেলায়। ২০২২-২৩ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৫১ গোল করেছেন আর্লিং হাল্যান্ড। 

ইতোমধ্যে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোল এবং প্রিমিয়ার লিগের ফুটবলার হিসেবে একটি নির্দিষ্ট মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন ম্যানসিটির স্ট্রাইকার। হাল্যান্ডের সামনে এখন ইংল্যান্ডের শীর্ষ লিগের খেলোয়াড় হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডের হাতছানি রয়েছে। বর্তমানে রেকর্ডটি রয়েছে ডিক্সি ডিনের দখলে। ১৯২৭-২৮ মৌসুমে ৬৩ গোল করেছিলেন এই এভারটন কিংবদন্তি।

চলমান মৌসুমে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে ৩৪টি, চ্যাম্পিয়ন্স লিগে ১২টি, লিগ কাপে ৩টি ও এফএ কাপে একটি গোল করেছেন হাল্যান্ড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে কমপক্ষে আরও ৮টি ম্যাচে মাঠে নামার সুযোগ আছে এ ফরোয়ার্ডের। রিয়াল মাদ্রিদের বাধা টপকে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখলে সেটি বেড়ে দাঁড়াবে দশে। তুখোড় গোলশিকারি হাল্যান্ড মৌসুম শেষে নিজের গোলসংখ্যা কততে নিয়ে থামেন, সেটিই এখন দেখার।