গত বছরের শেষদিকে পৃথিবীর মায়া ত্যাগ করেন ফুটবলের কালো মানিক পেলে।
এ ফুটবল কিংবদন্তির মৃত্যুর পাঁচ মাস পর সোমবার (১৫ মে) ব্রাজিলের সান্তোসে মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকা কবরস্থানে তার স্বর্ণমণ্ডিত সমাধিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
ব্রাজিলের সান্তোসে মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকা একটি ১৪ তলা কবরস্থান। পৃথিবীর সবচেয়ে উঁচু কবরস্থান হিসেবেও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এটি জায়গা পেয়েছে। এ কবস্থানের নবম তলায় চিরনিদ্রায় শুয়ে আছেন পেলে।
কবরস্থানে দুই হাজার বর্গফুটের বেশি জায়গাজুড়ে রয়েছে কৃত্রিম সবুজ টার্ফ। সেই টার্ফে কার্পেটের ঠিক মাঝে ফুটবলের রাজার সমাধি। সেখানে প্রবেশের পথে দর্শনার্থীদের স্বাগত জানানোর জন্য থাকবে “ও রেই- দ্য কিং” নামে পেলের মানবসদৃশ দুটি স্বর্ণের মূর্তি।
মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকা নামের কবরস্থানে একটি স্বয়ংক্রিয় জাদুঘরও রয়েছে। ১৯৭৪ সালে পেলের করা সহস্রতম গোলকে স্মরণীয় রাখতে তাকে এস-২৮০ মডেলের গাড়ি উপহার দিয়েছিল জার্মান প্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্জ। জাদুঘরে সেই গাড়িটি জায়গা করে নিয়েছে। পেলের সমাধির পাশেও তার ক্যারিয়ারের এক হাজারতম গোলের পর মুষ্টিবদ্ধ উদযাপনের ছবি কালো রঙে খোদাই করা আছে।
ক্লাব ক্যারিয়ারে অধিকাংশ সময়টা সান্তোসেই ছিলেন পেলে। সেই সান্তোসের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়াম থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে (০.৬ মাইল) পেলের সমাধি। প্রয়াত এ ফুটবল কিংবদন্তির সমাধি দেখতে দর্শনার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হচ্ছে। দিনে ৬০ জন দর্শনার্থী সমাধি ঘুরে দেখার সুযোগ পাবেন।
মৃত্যুর মাস পাঁচেক হয়ে গেলেও পেলের পরিবার এখনও তাকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি। জনসাধারণের জন্য বাবার সমাধি উন্মুক্তের দিনে আবেগাপ্লুত পেলের ছেলে এডিনহো সাংবাদিক বলেন, তিনি (পেলে) যেভাবে সম্মান এবং শ্রদ্ধায় ভূষিত হচ্ছেন, তাতে আমরা খুব গর্বিত এবং খুশি।
সস্ত্রীক পেলের সমাধি দেখতে এসেছিলেন রোনালদো রড্রিগেস। ৪৪ বছর বয়সী এ ব্যবসায়ী বলেন, “এটা আমার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এটি সত্যিই সুন্দর একটি জায়গা। আমি আশা করছি প্রচুর পর্যটক এখানে এসে পেলের ইতিহাস সম্পর্কে কিছুটা জানতে পারবেন।”
উল্লেখ্য, একমাত্র খেলোয়াড় হিসেবে তিনবার বিশ্বকাপ জেতা খেলোয়াড় হলেন পেলে। আন্তর্জাতিক ফুটবলের জাতীয় দল ব্রাজিলের জার্সিতে তিনি ৯২ ম্যাচে ৭৭ গোল করেন। স্বদেশি ক্লাব সান্তোসের হয়ে ৬৫৯টি ম্যাচে ৬৪৩ গোল করেছিলেন এই কিংবদন্তি। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে ফুটবলের রাজার গোলসংখ্যা ১,২৮১টি। ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত বছরের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে সাও পাওলো একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পেলে।