আর্লিং হল্যান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ফের ফিফার বর্ষসেরার সেরার মুকুট পরলেন ফুটবল ছন্দের জাদুকর লিওনেল মেসি। বিশ্বকাপ জেতার পর আর্জেন্টাইন তারকা গত বছর লিওনেল মেসি পেয়েছিলেন অষ্টম ব্যালন ডি’অর। সোমবার (১৫ জানুয়ারি) লন্ডনে ফিফার সর্বোচ্চ পুরস্কার “দ্য বেস্ট”ও গেল তার দখলে। এ নিয়ে তৃতীয়বার দ্য বেস্ট হলেন আর্জেন্টিনা অধিনায়ক। ২০১৯ ও ২০২২ সালেও ফিফার বর্ষসেরা হন মেসি। তবে এই অনুষ্ঠানে তিনি ছিলেন না। তার হয়ে পুরস্কার নেন থিয়েরি অঁরি।
ফিফা দ্য বেস্টের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটিং হয়েছে। আর্লিং হালান্ড ও মেসি দুজনেই পেয়েছেন ৪৮ পয়েন্ট। দুজনের টাইয়ের সুবাদে ভাগ্য নির্ধারণ হয় জাতীয় দলের অধিনায়কদের ভোটে। আর তাতেই মেসির হাতে উঠেছে বর্ষসেরার পুরস্কার। ফিফার “রুলস অব অ্যালোকেশন” এর ১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নেওয়া হয় এই সিদ্ধান্ত।
একইদিনে ঘোষণা করা হয়েছে বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা পুরুষ ও নারী গোলরক্ষক এবং বর্ষসেরা নারী ও পুরষ কোচের নাম।
নারীদের ক্যাটাগরিতে “দ্য বেস্ট” পুরস্কার জিতেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী আইতানা বোনমাতি।
ফিফার বর্ষসেরা কোচ হয়েছেন গতবার ম্যানসিটিকে ট্রেবল জেতানো পেপ গার্দিওলা। ইংল্যান্ডকে গত বছরের বিশ্বকাপ ফাইনালে তোলা ডাচ কোচ সারিনা উইয়েগম্যান হয়েছেন বর্ষসেরা নারী কোচ। এনিয়ে চতুর্থবার এই পুরস্কার হাতে নিলেন ডাচ ফুটবল কোচ। ২০১৭, ২০২০ ও ২০২২ সালেও সেরা হয়েছিলেন উইয়েগম্যান।
বর্ষসেরা গোলের স্বীকৃতি হিসেবে পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন বোটাফোগো এসপির গুইলহার্মে মাদরুগা। দূরপাল্লার বাইসাইকেল কিক থেকে তার করা গোল হয়েছে এবার সেরা।
বেলজিয়াম ও রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া, মরক্কো ও আল হিলালের ইউনুস বৌনৌকে হারিয়ে বর্ষসেরা গোলকিপার হয়েছেন ব্রাজিল ও ম্যানসিটির এডারসন। নারীদের এই ক্যাটাগরিতে সেরা হয়েছেন ইংল্যান্ড ও ম্যানইউর ম্যারি ইয়ার্পস। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন তিনি।
ফিফা বর্ষসেরা একাদশে ম্যানচেস্টার সিটির দাপট। গত মৌসুমের ট্রেবল জয়ী দলটির ছয় জন এই তালিকায় আছেন। রক্ষণে সিটিজেনের জন স্টোন্স, কাইল ওয়াকার ও রুবেন দিয়াস প্রতিনিধিত্ব করছেন। মিডফিল্ডে ম্যানসিটির বার্নার্ডো সিলভা ও কেভিন ডি ব্রুইনার সঙ্গে আছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম। আক্রমণভাগে ফিফা দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকায় থাকা হাল্যান্ড, মেসি ও এমবাপ্পের সঙ্গে আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র।
শেষবার একই দলের ছয় জন খেলোয়াড় ফিফার বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছিল বার্সেলোনার। সেবারও দলটির কোচ ছিলেন গার্দিওলা।
রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র স্পেনে অনবরত প্রতিপক্ষ দলের সমর্থকদের কাছে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। দেশের ফরোয়ার্ডের প্রতি সংহতি জানিয়ে বর্ণবাদের বিরুদ্ধে সাড়া জাগানো লড়াই করে ব্রাজিলের পুরুষ জাতীয় দল পেয়েছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড।
বছরের সেরা ভক্তের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনায় একটি ক্লাব ম্যাচ চলাকালে নবজাতক সন্তানকে বোতলে করে দুধ খাওয়ানো বাবা।
“ফিফা দ্য বেস্ট” পুরস্কারের জন্য ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নিয়েছে ফিফা।