বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অবসর ঘোষণা নিউজিল্যান্ড ওপেনারের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি ওপেনার কলিন মুনরো। জুনে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী এ তারকা।

নিউজিল্যান্ডের হয়ে ১ টেস্ট, ৫৭ ওয়ানডে ও ৬৫টি টি–টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

২০২০ সালের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত বলে জানিয়েছিলেন মুনরো।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড নিশ্চিত করেছিলেন, দল নির্বাচনের আলোচনায় মুনরোর নামও আছে। তবে দুই সপ্তাহ আগে ঘোষিত নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার।

স্বপ্ন পূরণ না হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষনা দিলেন এ ব্যাটার।

অবসর নিয়ে মুনরো বলেন, ‘‘ব্ল্যাক ক্যাপসদের হয়ে খেলাটা সবসময়ই আমার খেলোয়াড়ি জীবনের সবচেয়ে বড় অর্জন হয়ে থাকবে। এই জার্সি গায়ে জড়ানোর মত গর্ব, আর অন্য কিছুতে হতে পারে না এবং তিন ফরম্যাট মিলিয়ে দেশের হয়ে ১২৩টি ম্যাচে খেলেছি। যা নিয়ে আমি অবিশ্বাস্য রকমের গর্বিত।’’

তিনি বলেন, ‘‘যদিও আমি অনেক আগেই জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে ফেরার আশা, কখনওই ছাড়িনি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ব্ল্যাক ক্যাপসদের দল ঘোষণা পর, এখন এই অধ্যায়টি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়ার এটিই উপযুক্ত সময়।’’

মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ার শুরু করা মুনরো পরের দিকে হয়ে উঠেছিলেন ওপেনার। ছিলেন কিউই দলের আক্রমণাত্মক ব্যাটসম্যানদের একজন। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা তার ৪৭ বলের সেঞ্চুরিটি ওই সময় ওয়ানডেতে নিউজিল্যান্ডের দ্রুততম ছিল। 

এর দুই বছর আগে ২০১৬ সালে অকল্যান্ডে শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টিতে ফিফটি করেন ১৪ বলে, যা কিউই ক্রিকেটারদের মধ্যে দ্রুততম এবং আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে যৌথভাবে চতুর্থ দ্রুততম। টি–টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ৩টি সেঞ্চুরিও তারই।

মুনরো নিউজিল্যান্ডের ২০১৪ ও ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন। খেলেছেন ২০১৯ বিশ্বকাপে রানার্সআপ হওয়া নিউজিল্যান্ড দলেও।