ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন এক রেকর্ড করেছেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশ সময় সোমবার (১৩ মে) দিবাগত রাত ১টায় ভিলা পার্কে লিভারপুলের সঙ্গে ম্যাচে আত্মঘাতি গোল করেছেন তিনি। এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি আত্মঘাতি গোলের লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন মার্টিনেজ।
এমি মার্টিনেজের ভুলে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় অ্যাস্টন ভিলা। খেলার দুই মিনিটের সময় মোহাম্মদ সালাহর পাস ধরে ডান প্রান্ত থেকে ক্রস করেন লিভারপুল উইঙ্গার হার্ভি এলিয়ট। বলটি অ্যাস্টন ভিলা গোলকিপার মার্টিনেজের সোজাসুজি গেলেও হাতে রাখতে পারেননি। বল পড়ে যাওয়ার পর ঠেকাতে যান মার্টিনেজ। তবে তার ডান হাতের টোকায় জালে জড়ায় বল।
এটি ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে মার্টিনেজের তৃতীয় আত্মঘাতি গোল। যার মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম গোলকিপার হিসেবে সর্বোচ্চ সংখ্যক আত্মঘাতি গোলের রেকর্ড করলেন তিনি। একই সঙ্গে ২০১৪ সালের পর সবচেয়ে কম সময়ে আত্মঘাতি গোলের রেকর্ডও এটি।
যদিও মার্টিনেজের এই ভুলের প্রায়শ্চিত্ত খুব বেশিক্ষণ করতে হয়নি অ্যাস্টন ভিলাকে। আট মিনিট পরই দারুণ শটে গোল করেন ইউরি টিয়েলম্যানস। এরপর আবারও এগিয়ে যায় লিভারপুল; ২৩ মিনিটে গোল করেন কোডি গাকপো। ২-১ গোলেই ম্যাচ চলে যায় বিরতিতে।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রি-কিক থেকে তৃতীয় গোল পায় লিভারপুল। হার্ভে এলিয়টের শট থেকে হেডে গোল করেন সেন্টারব্যাক জারেল কুয়ানশা। এর অবশ্য চার মিনিট পরই বল জালে পাঠিয়েছিল ভিলা। কিন্তু লিওন বেইলি অফসাইড থাকায় গোলটি বাতিল করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। ৫৯ মিনিটে সালাহর গোলও অফসাইডের জন্য বাতিল হয়।
৮৫ থেকে ৮৮, এই চার মিনিটে বল জালে গেছে ৩ বার। এর মধ্যে দুটি গোল হজম করেছে ইয়ুর্গেন ক্লপের দল। লিভারপুল কোচ হিসেবে এটিই ছিল এই জার্মান কোচের শেষ অ্যাওয়ে ম্যাচ।
৮৫ মিনিটে নিজেদের দ্বিতীয় গোল তুলে নেয় ভিলা। লিভারপুল গোলকিপার অ্যালিসনের পাস ঠিকমতো নিতে পারেননি মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বল পেয়ে যান ভিলার সেন্টারব্যাক ক্যালাম চেম্বার্স। তার পাস থেকে জোরাল শটে গোল করেন ভিলা ফরোয়ার্ড জন দুরান। দুই মিনিট পরই দারুণ থ্রু পাস থেকে গোল করেছিলেন লিভারপুল ফরোয়ার্ড নুনিয়েজ। এই গোলটিও অফসাইডে বাতিল হয়।
পরের মিনিটেই নাটকীয়ভাবে সমতাসূচক গোলটি পায় ভিলা। মুসা দিয়াবির থ্রু বল দুরানের উরুতে লেগে অ্যালিসনের মাথার ওপর দিয়ে জালে।
এদিকে, এই ম্যাচ বাঁচিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা জিঁইয়ে রাখল ভিলা। শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হার এড়াতে পারলেই চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত হবে তাদের। তবে টটেনহ্যাম হটস্পার যদি ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারে বা ড্র করে, তাহলে শেষ ম্যাচে হারলেও স্বপ্নের টুর্নামেন্টে জায়গা করে নেবে এমেরির শিষ্যরা।
লিগে আগামী রবিবার উলভসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে লিভারপুল। লিগে ৩৭ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে লিভারপুল। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চতুর্থ ভিলা। ৩৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে টটেনহাম। লিভারপুলকে হারাতে পারলে চতুর্থ স্থান নিশ্চিত হতো ভিলার। আর্সেনাল ৩৭ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।