সুপার ওভারে ওমানকে হারাল নামিবিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ওভারে ওমানকে হারাল নামিবিয়া। সোমবার (৩ জুন) সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১০৯ রান করে অলআউট হয়ে যায় ওমান।

দুর্দান্ত বোলিংয়ে নামিবিয়াকেও ঠিক ১০৯ রানেই আটকে দিল ওমান। ফলে ম্যাচ গড়াল সুপার ওভারে, টি-টোয়েন্টি বিশ্বকাপ যা সর্বশেষ চার আসরে দেখেনি। তবে সুপার ওভারের লড়াইয়ে আর পারেনি ওমান।

নামিবিয়ার দেওয়া ২১ রান তাড়া করতে নেমে ১০ রানে আটকে যায় মধ্যপ্রাচ্যের দলটি। নামিবিয়ার সুপার ওভারে জয়ের নায়ক ডেভিড ভিসা।

৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার ব্যাট হাতে ৪ বলে তোলেন ১৩ রান, পরে বোলিংয়ে আটকে দেন ওমান ব্যাটসম্যানদের। হন ম্যাচসেরাও। তবে এই ভিসাই মূল ম্যাচের শেষ বলে শট খেলতে পারলে নামিবিয়া হয়তো টাইয়ের মুখে পড়ত না।

সংক্ষিপ্ত স্কোর:

ওমান: ১৯.৪ ওভারে ১০৯ (প্রজাপতি ০, খুশি ৬, ইলিয়াস ০, মাকসুদ ২২, কাইল ৩৪, আইয়ান ১৫, নাদিম ৬, মেহরান ৭, শাকিল ১১, কলিমউল্লাহ ২, বিলাল ১; ট্রাম্পেলমান ৪-০-২১-৪, ভিসা ৩.৪-০-২৮-৩, লুঙ্গামেনি ৪-০-১৮-০, শোলাৎজ ৪-০-২০-১, এরাসমান ৪-০-২০-২)।

নামিবিয়া: ২০ ওভারে ১০৯ / ৬ (লিনগেন ০, ডাভিন ২৪, ফ্রাইলিঙ্ক ৪৫, এরাসমাস ১৩, স্মিট ৮, ভিসা ৯ *, গ্রিন ০, ক্রুগার ১ *; বিলাল ৪-০-২৫-১, শাকিল ৩-০-২০-০, কলিমউল্লাহ ২-০-১০-০, ইলিয়াস ৪-১-১৭-১, মেহরান ৩-১-৭-৩, মাকসুদ ২-০-১২-০)।
ফল: ম্যাচ টাই। সুপার ওভারে নামিবিয়া জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ভিসা।